এগিয়ে চলছে পিন্টারেস্ট
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ‘পিন্টারেস্ট’ এখন পরিচিত নাম। কিন্তু প্রতিযোগিতায় পিন্টারেস্ট কত দূর যাবে? প্রায় এক দশকের টানা যুদ্ধের পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মধ্যকার লড়াই কিছুটা স্তিমিত হয়ে এসেছে। কারণ এ লড়াইয়ে ফেসবুক আগেই জয়ী হয়ে গেছে। এরপর মাইক্রো ব্লগ সাইট হিসেবে এগিয়ে গেছে টুইটার। সম্ভাবনা থাকলেও হারিয়ে গেছে কোরা। আর নতুন করে উঠে আসছে গুগল প্লাস। এ বাস্তবতায় পিন্টারেস্টের ভবিষ্যত্ সম্ভাবনাময় বলেই প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন।পিন্টারেস্ট হচ্ছে পিনবোর্ড আদলের ছবি শেয়ারের ওয়েবসাইট। ২০১০ সালের মার্চ মাসে চালু হয় পিন্টারেস্ট। সাইটটির স্লোগান হচ্ছে, ‘মজাদার কোনো বিষয় সবার সঙ্গে শেয়ার করা।’ ক্যালিফোর্নিয়ার কোল্ড ব্রু ল্যাবস নামের একটি দল এ সাইটটি পরিচালনার দায়িত্বে রয়েছে। এ সাইটটি মেয়েদের ওয়েবসাইট হিসেবে ইতোমধ্যে খ্যাতিও পেয়েছে।১৬ আগস্ট ২০১১ সালে টাইম ম্যাগাজিনে প্রকাশিত সেরা ৫০টি ওয়েবসাইটের মধ্যে স্থান করে নিয়েছিল পিন্টারেস্ট। ২০১১ সালের ডিসেম্বরে ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান হিটওয়াইজ পিন্টারেস্টকে সেরা ১০টি সামাজিক যোগাযোগের তালিকায় স্থান দেয়। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের দেওয়া তথ্য অনুসারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৬৮ শতাংশ বাজার দখল করেছে পিন্টারেস্ট। বর্তমানে এ সাইটটি ব্যবহারকারী সংখ্যা প্রায় এক কোটি ২০ লাখ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও সম্প্রতি পিন্টারেস্টে তাঁর অ্যাকাউন্ট খুলেছেন। এরপর থেকেই আরো দ্রুত বাড়ছে পিন্টারেস্ট ব্যবহারকারীর সংখ্যা। বিবিসিসহ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগেও পিন্টারেস্ট নিয়ে অনেক রিভিউ ছাপা হয়েছে। ওয়েব রেটিং প্রতিষ্ঠান কমস্কোরের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন তৃতীয় দ্রুত বর্ধনশীল ওয়েবসাইটটির নাম পিন্টারেস্ট। পিন্টারেস্ট ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে পছন্দের ডিজাইন, ফ্যাশন, ট্রাভেল, বই বা অন্যান্য জিনিস ভারচুয়াল বোর্ডে পিন দিয়ে আটকে রাখতে পারেন। পিন্টারেস্ট ব্যবহারকারীর কাছ থেকে আমন্ত্রণ পাবার পর এ সাইটটি ব্যবহার করা যায়। এ ছাড়াও সাইটে গিয়ে অ্যাকাউন্ট পূরণ করার পর পিন্টারেস্টের টিম মেইলে লিংক পাঠিয়ে দেয়। সে লিংক থেকেও পিন্টারেস্ট ব্যবহার করা যায়। টুইটার ও ফেসবুক ব্যবহার করেও লগইনের ব্যবস্থা রয়েছে। সাইটটিতে অ্যাকাউন্ট খোলার পর ‘পিন ইট’ বাটন থেকে ছবি শেয়ার করা বা কম্পিউটার থেকে ছবি আপলোড করে বোর্ডে দেখানো যায়। বোর্ডের ছবি বা লিংক শেয়ারও করা যায়। এ ছাড়া ‘পিন ফিডের’ মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীদের তথ্য দেখার ব্যবস্থাও রয়েছে।পিন্টারেস্টের ভবিষ্যত্ সম্ভাবনাময় কেন? এ প্রশ্নের উত্তর মিলেছে টেকক্রাঞ্চের প্রতিবেদনে। প্রযুক্তি বিষয়ক এ ওয়েবসাইটটির হিসেব অনুসারে, ফেসবুকে পিন্টারেস্টের পেজ লাইক দিয়েছে ১০ লাখ ব্যবহারকারী, যার ৯৭ শতাংশই নারী। ডিসেম্বর মাসে ডেইলি মেইলে প্রকাশিত এক খবর অনুসারে এ সাইটটির ৫৮ শতাংশই হচ্ছে নারী। তাই পছন্দের বিষয় শেয়ার করার জন্য পিন্টারেস্ট নামের এ ওয়েবসাইটটি আরও অনেকদূর যেতে পারে। পিন্টারেস্টের প্রতিষ্ঠাতা নিজেকে ‘মার্ক জাকারবার্গ’ হিসেবে পরিচয় দেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতোই সামনে এগিয়ে যেতে চান তিনি।পিন্টারেস্ট ওয়েবসাইটের ঠিকানা: pinterest.com