
আনন্দের অন্য এক মেলা দেখতে দেখতে কেমন করে দিনগুলো কেটে গেল। এই তো সেদিনও বন্ধুদের সঙ্গে কেন্দ্রে এসে বই পড়েছি, ক্লাস করেছি, আড্ডা দিয়েছি। আর কিছুদিন পর আমার মেয়েও হয়তো আসবে।’ বলছিলেন নাজমা সুলতানা। বলতে না-বলতেই পেছন দিক থেকে তাঁকে জড়িয়ে ধরলেন নাদিয়া। একে একে তাঁদের আড্ডায় যোগ দিলেন লেনিন রহমান, মনোদীপ, রত্না, পাপড়িসহ আরও কয়েকজন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ৩৫টি বছর পার করল বিশ্বসাহিত্য কেন্দ্র। গত ১৪ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রের নতুন ভবনজুড়ে বসেছিল কেন্দ্রের নতুন-পুরোনো শিক্ষার্থী, সংগঠক, কর্মী, শিক্ষক থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরের মানুষের মিলন মেলা।
কেউ কেউ কেন্দ্রের আগের দোতলা ভবনের জায়গায় সুবিশাল নয়তলা ভবন দেখে বিস্মিত। তাঁদের স্মৃতিচারণাজুড়ে কেবলই কেন্দ্রের আগের খোলা বাগানসহ দোতলা ভবনটি। অনেকেই বহুদিন পর কেন্দ্রে এসে রীতিমতো উচ্ছ্বসিত। বর্তমানে বুয়েটের শিক্ষক শাহাদাত হোসেন কেন্দ্রের ২১তম ব্যাচের সদস্য ছিলেন। এখন ব্যস্ততার জন্য একেবারেই আসতে পারেন না। সেদিন এসেই বন্ধু রবি, তারেক, দীপ, মাসুদকে খুঁজে বের করলেন। আড্ডার মাঝখানে খুনসুটিও চলছিল বেশ। কেন্দ্রের শুধু পুরোনো সদস্যরাই নন, ছিলেন একেবারে নবীন সদস্যরাও। রাজিব, সাইফুল, রাইমা, কলি, আনিলা, সাইফ, নূর, নাজমুল, সাগরসহ আরও অনেকে। তাঁরা আবার বর্ষপূর্তি অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেছেন। তাঁদের মধ্যে রাজিব জানালেন, কেন্দ্রের বর্ষপূর্তি অনুষ্ঠান তাঁর জন্য স্মরণীয় দিন হয়ে থাকবে। বর্তমান সদস্যদের মধ্যে অনেকেই এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। অনেকেই তাঁদের পরিবার নিয়ে এসেছেন। শৈলী ও সজীব দম্পতি একসময় কেন্দ্রে নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু এখন সময়ের অভাবে প্রায় আসাই হয় না। তবুও হাতে একটু সময় পেলে বন্ধুদের আড্ডাস্থল হিসেবে কেন্দ্রের ক্যাফেটিরিয়াকেই বেছে নেন তাঁরা। আবদুল্লাহ আল মামুন একসময় কেন্দ্রের সংগঠক ছিলেন, তিনিও এসেছিলেন পরিবার নিয়ে। চট্টগ্রাম থেকে এসেছিলেন সংগঠক আলিম। এমন আরও অনেকেই এসেছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে। আলোর ইশকুল এবং পাঠচক্রের ছাত্রছাত্রীদেরও দেখা পাওয়া গেল বেশ কয়েকজনের। পুরোনো সদস্যদের মধ্যে এখনো অনেকেই কেন্দ্রের সুবিশাল লাইব্রেরিতে বই পড়তে আসেন। তেমনই একজন গোলাম মর্তুজা জানালেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যরা একটি পরিবারের মতো। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়ে ঈদ বা পূজোর উৎসবের মতো লাগছে।