এগিয়ে যাওয়ার গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় উৎসবের প্রথম দিন সন্ধ্যায় একটি বিশেষ আলোচনা হয়, একাডেমিক দলের মধ্যে। সে সময়ে অলিম্পিয়াডের ফলাফল চূড়ান্ত হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আলোচনার বিষয়বস্তু থাকে নতুন সমস্যাগুলোর সমাধানে অংশগ্রহণকারীদের দক্ষতা, নতুনত্ব এবং জানা বিষয়ের প্রয়োগ। প্রথম গণিত অলিম্পিয়াডের প্রশ্নের সঙ্গে একাদশ গণিত অলিম্পিয়াডের প্রশ্নের তুলনা করলে দেখা যায়, প্রতিবছরই প্রশ্নের সমস্যাগুলোর মান উন্নত হচ্ছে। এর কারণ হলো—শুরুর দিকে আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করা। এখন সেটি দক্ষতা উন্নয়নেও পরিণত হয়েছে। তবে প্রশ্নের মান উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়টি লক্ষণীয় তা হলো শিক্ষার্থীদের দক্ষতারও উন্নয়ন। কি আঞ্চলিক, কি জাতীয়—সবটাতেই শিক্ষার্থীরা তাদের উন্নয়নের চিহ্ন রেখে যাচ্ছে। এ বছর আঞ্চলিক উৎসবের বেশ কটি ভেন্যুতে ১০-এ ১০ পেয়েছে কিছু শিক্ষার্থী। প্রায় সব ভেন্যুর সামষ্টিক গড় সামান্য হলেও বেড়েছে। তবে, সবচেয়ে বেশি যেটি লক্ষ করার মতো তা হলো কিছু কিছু শিক্ষার্থীর ভিন্ন মাত্রার সমাধান। শিক্ষার্থীরা সমস্যা সমাধানে এমন সব বিষয়, তত্ত্ব বা পদ্ধতি ব্যবহার করে, যা সত্যিই অতুলনীয়। এ বছর হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির তিনজন শিক্ষার্থী একটি সমস্যা সমাধানে ব্যবহার করে একটি অপ্রচলিত থিউরেম। একাডেমিক দলের কারও পক্ষেই ওই থিউরেম মনে করা সম্ভব হয়নি। পরে, ইন্টারনেট আর বইয়ের সাহায্য নিয়ে দেখা গেল শিক্ষার্থীদের সমাধান সঠিক। প্রতিবছর এই সময়টাতে আমার প্রবল আনন্দ হয়। গণিতের ভীতি দূর করে, গাণিতিক দক্ষতা বাড়ানোর জন্য ‘নিউরনে অনুরণন’ নাম দিয়ে ‘বিজ্ঞান প্রজন্ম’ পাতার যে গণিত আন্দোলনের সূচনা হয়েছিল, তখন সেটি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ভাষায়, ‘দেশের সবচেয়ে সুশৃঙ্খল মেধাভিত্তিক আন্দোলন’-এ রূপ পেয়েছে। আর এই সুশৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতাও ক্রমাগত বিকশিত হচ্ছে। কেবল জাতীয় উৎসবে নয়, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডেও আমাদের শিক্ষার্থীদের অর্জন বেড়েছে। আর এসব কাজে আমাদের নিরন্তর পৃষ্ঠপোষকতব করে চলেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।ক্যাম্প, ক্যাম্প, ক্যাম্প আঞ্চলিক ও জাতীয় উৎসবের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন গণিত ক্যাম্পে অংশগ্রহণকারীদের সাফল্য অন্যদের চেয়ে বেশি। আবার যারা ইন্টারনেটে নিয়মিত অনলাইন ক্যাম্পে অংশ নিয়েছে, তারাও ভালো করেছে। ঢাকায় বাইরের শিক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহের শিক্ষার্থীদের সাফল্য চোখে পড়ার মতো। এর মূল কারণ, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর সৌমিত্র চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত ‘ময়মনসিংহ প্যারালাল ম্যাথ স্কুল’। মজার বিষয় হলো, এই স্কুলের ‘শিক্ষকদের’ সবাই এখনো শিক্ষার্থী। বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের এবারের ফলাফল অন্যবারের চেয়ে ভালো। এরও কারণ, আঞ্চলিক গণিত ক্যাম্প বা প্রশিক্ষণের আয়োজন। আর দেশের নানা অঞ্চলে এই আয়োজনগুলোতে নেতৃত্ব দিচ্ছে বিগত দিনের গণিত ক্যাম্পের অংশগ্রহণকারীরা। ওরা এখন সবাই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। এ থেকে বোঝা যায়, দেশে গণিত শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের বিশাল ভূমিকা রয়েছে। স্থানীয় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে এই কার্যক্রমগুলো দেশের গণিত শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারবে।তবে, এ কথা অনস্বীকার্য যে সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় পর্যায়ে মেয়েদের সাফল্য আশানুরূপ নয়। অথচ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে বাংলাদেশের প্রথম অর্জন দুটি ব্রোঞ্চপদকের একটি কিন্তু পেয়েছে নাজিয়া চৌধুরী। এটিও আবার লক্ষণীয় যে আঞ্চলিক উৎসবগুলোতে মেয়েদের অংশগ্রহণ কিন্তু ছেলেদের তুলনায় কম নয়। মেয়েদের দক্ষতা উন্নয়নের জন্য পৃথক ক্যাম্প বা প্রশিক্ষণের আয়োজন করতে পারলে ভালো হয়। সে লক্ষ্যে বছর দুয়েক আগে ‘লীলাবতী গণিত ক্যাম্প’ নামে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে পরবর্তী সময়ে সেটি বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে সেটি আবার চালু করা যেতে পারে। শিক্ষকদের জন্য ক্যাম্প২০১৩ সাল থেকে নতুন শিক্ষানীতির আলোকে স্কুলের সিলেবাসে ব্যাপক পরিবর্তন হয়েছে। নতুন সিলেবাসের এই পরিবর্তনের সুফল যাতে সারা দেশের শিক্ষার্থীরাই পেতে পারে তার জন্য শিক্ষকদের তৈরি করা দরকার। প্রচলিত শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি আমাদের গণিত ক্যাম্পের মতো শিক্ষকদের গণিত ক্যাম্প আয়োজনের বিষয়টা গুরুত্বের সঙ্গে ভাবা যায়। ২০১২ সালের মার্চ মাসে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি বিজ্ঞান শিক্ষকদের জন্য একটি বিজ্ঞান ক্যাম্পের আয়োজন করে। সাত জেলার ৮৪ জন বিজ্ঞান শিক্ষক এই ক্যাম্পে অংশ নেন। তাঁরা সবাই এ ধরনের ক্যাম্পের পক্ষে মত দিয়েছেন। চলতি বছরে প্রাথমিক শিক্ষকদের জন্য অনুরূপ একটি গণিত ক্যাম্পের আয়োজনের চেষ্টা করছি আমরা। এটির অভিজ্ঞতা হয়তো ভবিষ্যতে আরও আয়োজনের সুযোগ দেবে। এগিয়ে যেতেই হবে ২০০১ সালের ১৭ জুন প্রথম আলোর ‘বিজ্ঞান প্রজন্ম’ পাতায় শুরু হয় আমাদের গণিত অলিম্পিয়াডের কার্যক্রম। এক যুগ পেরিয়ে এটি এখন সুসংহত হয়েছে। ২৩৭ জনের অংশগ্রহণ থেকে এখন এই উৎসবের আঞ্চলিক পর্যায়ে অংশ নেয় প্রায় ২২ হাজার শিক্ষার্থী। এ বছর দেশের কমপক্ষে ৩০টি জেলায় আঞ্চলিক অলিম্পিয়াড আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছি আমরা। তবে আমাদের সামর্থ্য সে রকম নয়। ফলে আমরা জোর দিচ্ছি স্থানীয় সংগঠকদের প্রতি। দেশের এবং দেশের বাইরে অবস্থানরত অনেকেই ইচ্ছে করলে এখন এই আন্দোলনে যুক্ত হতে পারেন। স্থানীয়ভাবে গণিত অলিম্পিয়াড, গণিত উৎসব এবং প্রশিক্ষণ আয়োজনের একাডেমিক সামর্থ্য আমাদের আছে। আছে গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক বা মুভার্সদের একটি বড় দল। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল অনুপ্রাণিত শিক্ষার্থী, যাঁরা সারা দেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন, যাঁদের মূল মন্ত্র—‘শেয়ারিং নজেল ইজ পাওয়ার।’ কাজেই, কেউ যদি নিজের এলাকায়, মহল্লায় এই উদ্যোগের লজিস্টিক সাপোর্ট নিয়ে এগিয়ে আসেন, তাহলে আমরা এ বছরই এটিকে ছড়িয়ে দিতে পারব আরও বিস্তৃতভাবে। গণিত অলিম্পিয়াডের মতো এখন পদার্থবিজ্ঞান ও অন্যান্য বিষয়েরও অলিম্পিয়াড হচ্ছে। সেখানেও ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। ২০১৩ সাল থেকে আমরা শিশু-কিশোরদের জন্য বিজ্ঞানের কংগ্রেস আর ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছি। এসবই আমাদের নতুন প্রজন্মকে একটি জ্ঞানভিত্তিক বিশ্বগ্রামের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। গণিত অলিম্পিয়াডকে কেন্দ্র করে দেশের শিক্ষার্থীদের মধ্যে মেধার লড়াইয়ের এক নতুন আবহ সৃষ্টি হয়েছে। এই আবহ ধরে রেখে নতুন উদ্যোগে এগিয়ে যেতে হবে আমাদের। আমাদের পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আমাদের এগিয়ে যেতেই হবে। জয় হোক গণিতের।