এগিয়েও সবচেয়ে পেছনে সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে দেশের সাতটি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে পেছনে পড়েছে সিলেট৷ তবে গতবারের তুলনায় এবার এগিয়েছে। গতকাল শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এ বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৩৪১।
বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার ৭৮৯। এবার জিপিএ-৫ বেড়েছে ৫৫২টি, পাসের হার বেড়েছে দশমিক ২৭ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৫০ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৫০৬ জন। পাস করেছিল ৫২ হাজার ৪৫ জন। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭৮৯ জন।
বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে এবারও শীর্ষে রয়েছে সিলেট জেলা। সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। ১৯০টি জিপিএ-৫ পেয়ে সর্বাধিক সংখ্যক জিপিএ-৫ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ।
সাতটি শিক্ষা বোর্ডের মধ্যে সিলেটের অবস্থান সবার নিচে থাকলেও সার্বিক ফলাফলে শিক্ষার গুণগত মান বেড়েছে বলে মন্তব্য করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান। গতকাল দুপুরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রতিক্রিয়ায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রথম আলোকে বলেন, ‘গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেশি ছিল। ফলাফলও গতবারের তুলনায় এগিয়েছে। এসব বিবেচনায় সামগ্রিক ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। শিক্ষার গুণগত মান বেড়েছে বলে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে।’
বিভাগভিত্তিক ফল: ৬০ হাজার ৭৫০ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১২ হাজার ৬৪২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ৮৫৮ জন। মানবিক বিভাগের ৪৮ হাজার ২৩৪ জনের মধ্যে ৪২ হাজার ৪১০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাত হাজার ২০৯ জনের মধ্যে ছয় হাজার ৭৫৫ জন পাস করেছে। পাসের হারের দিক দিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ এগিয়ে রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগ।
ব্যবসায় শিক্ষা বিভাগে সাত হাজার ২০৯ জন পরীক্ষা দিয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন। জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে বিজ্ঞান বিভাগ এগিয়ে রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৬৪২ জন। পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। সিলেট বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া তিন হাজার ৩৪১ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে পেয়েছে দুই হাজার ৮২০। মোট পরীক্ষার্থী ৬৮ হাজার ৮৫ জনের মধ্যে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৩৬৮। পাসের হার ৮৭ দশমিক ৯৩ শতাংশ। ২৩৪ জন জিপিএ-৫ পেয়েছে।
এবারও শীর্ষে সিলেট জেলা: বোর্ডের চার জেলাভিত্তিক ফলাফল পরিসংখ্যান গত বছর থেকে প্রকাশ শুরু করে সিলেট শিক্ষা বোর্ড। জেলার ফলাফলে এবারও সিলেট জেলা শীর্ষস্থানে রয়েছে। এ জেলায় ২৬ হাজার ২৫৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৩ হাজার ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭২৮। শতকরা পাসের হার ৯০ দশমিক ৯৭ শতাংশ। গত বছর সিলেটে ২২ হাজার ৯৬৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ৭৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৭৯ জন। পাসের হার ৯০ দশমিক ৫৪ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে থাকা মৌলভীবাজার জেলায় ১৫ হাজার ৪৮৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩ হাজার ৭৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৫৬। পাসের হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ৷ এ জেলায় ১২ হাজার ৮৪৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ৩৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭০ জন। পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। চতুর্থ স্থান দখল করেছে সুনামগঞ্জ জেলা৷ সেখানে ১৩ হাজার ৪৯৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ৭৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন। পাসের হার ৮৭ দশমিক শূন্য ৮ শতাংশ।
চার জেলার মধ্যে হবিগঞ্জে ছেলেদের তুলনায় মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে। জেলায় জিপিএ-৫ পাওয়া ৫৭০ জনের মধ্যে ৩০৩ জন মেয়ে।
মেয়েরা এগোচ্ছে: মোট পরীক্ষার্থীর অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হারে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাঁচ হাজার ৭২১ জন ছাত্রী অংশ নিয়ে এক হাজার ২৭৮ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ২২ দশমিক ৩৪। অপরদিকে ছয় হাজার ৯২১ জন ছাত্র পরীক্ষা দিয়ে তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৪২ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ২২ দশমিক ২৮। মানবিক বিভাগে ২৯ হাজার ২৯৭ জন মেয়ে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন। জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার দশমিক ৬২ শতাংশ। ১৮ হাজার ৯৩৭ জন ছেলে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। জিপিএ-৫ পাওয়ার শতকরা হার দশমিক ২৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় দুই হাজার ৮৯৩ জন মেয়ে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন। জিপিএ-৫ পাওয়ার শতকরা হার পাঁচ দশমিক ১৫ শতাংশ। অপরদিকে চার হাজার ৩১৬ জন ছেলে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। জিপিএ-৫ পাওয়ার শতকরা হার তিন দশমিক ২০ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যেও মেয়েদের সংখ্যা বেশি। মোট উত্তীর্ণ ৬০ হাজার ৭৫০। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৩৯৯ জন ও মেয়ে ৩৩ হাজার ৩৫১ জন। তবে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যার দিক দিয়ে এবারও পিছিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৮০ শতাংশ, মেয়েদের ৮৭ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৩২ জন ছেলে ও এক হাজার ৬০৯ জন েময়ে।