এটুআই প্রকল্পের স্থায়ী কমিটির প্রথম সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির কারিগরি সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের চলমান কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য এ প্রকল্পের স্থায়ী কমিটির (পিএসসি) প্রথম সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বেসরকারি খাত এবং দাতা সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির। এই সভায় জনগণের দোরগোড়ায় বিভিন্ন সেবা স্বল্প খরচে ও স্বল্প সময়ে নিশ্চিত করার কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে আছে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর, মন্ত্রণালয়ের পোর্টাল দ্রুত জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া। সভায় জানানো হয়, সরকারের সব সেবা ই-সেবায় রূপান্তরের লক্ষ্যে ই-সার্ভিস প্ল্যাটফর্ম (ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম) তৈরির কাজ এগিয়ে চলেছে। মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও জেলা পর্যায়ে আইসিটি উদ্ভাবনী উদ্যোগগুলো সমন্বয়ের উদ্দেশ্যে একজন করে আইসিটি ফোকাল পয়েন্ট রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদবি পরিবর্তন করে চিফ ইনোভেশন অফিসার এবং জেলা পর্যায়ে ইনোভেশন অফিসার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। আইসিটির প্রসারে সৃজনশীলতা ও উদ্ভাবনকে পৃষ্ঠপোষকতা দিতে ‘ইনোভেশন ফান্ড’ গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।