এটুআইয়ের দ্বিতীয় পর্যায় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের দ্বিতীয় পর্যায় ‘ই-সার্ভিস ডেলিভারি ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড রেসপন্সিভনেস’ নামে শুরু হচ্ছে। এই প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি হয়েছে। প্রকল্পটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবা পাওয়ার ক্ষেত্রে সময়, খরচসহ অন্যান্য বাধা কমাতে কাজ করবে। সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে এই প্রকল্প। গতকাল রোববার ঢাকার আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ চুক্তি হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ, বাস্তবায়নকারী সংস্থার পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মো. আবদুল আজিজ ও উন্নয়ন-সহযোগীদের পক্ষে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার প্রকল্প দলিলে সই করেন। অনুষ্ঠানে ইকবাল মাহমুদ বলেন, ‘এটুআইয়ের প্রথম পর্যায়টি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়। এ প্রকল্পের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে বিপুল জনগোষ্ঠী সুবিধা পাচ্ছে। আর এতে জনগণ ও সরকারের মধ্যে একটি সেতুবন্ধন রচিত হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্বও জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।’প্রকল্পটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে এপ্রিল ২০১২-মার্চ ২০১৬ মেয়াদে বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৪ মিলিয়ন ডলার। প্রকল্পটি মূলত চারটি বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো: বিদ্যমান ই-সেবা শক্তিশালীকরণ ও সমন্বিত ই-গভর্নেন্স ব্যবস্থার দ্বিতীয় প্রজন্ম উদ্বোধন, সরকারি কর্মকর্তাদের ই-গভর্নেন্স সংশ্লিষ্ট বিষয়ে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান এবং সেবাপ্রদানকারী ও সাধারণ জনগণের মধ্যে ডিজিটাল জ্ঞানের সম্প্রসারণ, ই-গভর্নেন্স ব্যবস্থা প্রচলনে আইনগত ও নিয়ন্ত্রণমূলক পরিবর্তন আনতে প্রয়োজনীয় নীতি ও কৌশল প্রণয়ন এবং ই-সেবা প্রদানে নতুন উদ্ভাবনী ধারণার সম্প্রসারণ ও উৎসাহ প্রদান।চুক্তি সইয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে। —জিয়াউর রহমান চৌধুরী