এডউইন এইচ ল্যান্ড: স্টিভ জবসের অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর পর স্টিভ জবসকে তুলনা করা হচ্ছে টমাস এডিসন, লিওনার্দো দ্য ভিঞ্চি, আলেকজান্ডার গ্রাহাম বেল কিংবা হেনরি ফোর্ডের সঙ্গে। যাঁরা নিজেদের উদ্ভাবন দিয়ে বদলে দিয়েছিলেন প্রযুক্তির মানচিত্র। যাঁরা নিজেদের বুদ্ধিদীপ্ততায় উদ্দীপ্ত করেছিলেন আপামর জনসাধারণকে। যাঁদের উদ্ভাবনী কর্ম বদলে দিয়েছিল মানুষের দৈনন্দিন জীবনাচার। স্টিভ জবস ছিলেন তেমনই এক ব্যক্তি, যিনি নিজের চিন্তায় আর কর্মে তৈরি করেছিলেন প্রযুক্তি জগতে কিছু মাইলস্টোন। যে মাইলস্টোন আধুনিক মানুষকে দিয়েছে সহজিয়া পথের সন্ধান।বৃহস্পতিবার জবস পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। সত্তরের দশকের শুরু থেকে অচিন্তনীয় কম্পিউটার প্রযুক্তিকে নিয়ে কাজ শুরু করে তিনি আইপ্যাডে এসে শেষ করেছিলেন। বেঁচে থাকলে বাকি সময়টা আর কত কী করতেন, সেটা তর্কসাপেক্ষ হলেও এই স্টিভ জবসকেই মানুষ ইতিমধ্যেই বসিয়ে দিয়েছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রবাদ পুরুষের আসনে।অ্যাপল কম্পিউটার, ম্যাকিনটোশ, আইপড, আইফোন কিংবা আইপ্যাড-আধুনিক জীবনাচারের এসব দুর্দান্ত অনুষঙ্গগুলো যাঁর বুদ্ধিময়তার উপহার, তিনি মানুষের হিরো হবেনই—এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্টিভ জবস কাকে অনুসরণ করে এ পর্যায়ে এসেছিলেন, সেটা কিন্তু রয়ে গেছে নেপথ্যেই। স্টিভ জবস সারা জীবন একজন মানুষকেই অনুসরণ করেছেন। তিনি আর কেউ নন, পোলারয়েড ক্যামেরার জনক রসায়নবিদ এডউইন এইচ ল্যান্ড।স্টিভ জবস মনে-প্রাণে অনুসরণ করতেন এই এডউইন ল্যান্ডকে। কথা-বার্তা, চালে-চলনে তো বটেই, জবসকে এডউইন তাঁর যে গুণটি দিয়ে সবচেয়ে বেশি আকৃষ্ট করতে পেরেছিলেন, সেটা হলো—কঠিনকে সোজা করে ভাবার ক্ষমতা। বিজ্ঞানের সু-কঠিন, জটিল কোনো সমীকরণও এডউইন মানুষকে রূপকথার গল্পের মতো করে বুঝিয়ে দিতে পারতেন। চাল-চলনে কেতাদুরস্ত না হয়েও একজন মানুষ যে কতটা আকর্ষণীয় হতে পারেন—সেটা এডউইন এইচকে ল্যান্ডকে না দেখলে বোঝার উপায় নেই। এ কথা জীবদ্দশায়ও বহুবার উল্লেখ করেছিলেন জবস।অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠিত হওয়ার আগেই সত্তরের একেবারে গোড়ার দিকে টাইম সাময়িকীতে প্রচ্ছদ কাহিনির উপকরণ হয়েছিলেন এডউইন। ১৯৭২ সালে ইন্সট্যান্ট ফটোগ্রাফির জনক হিসেবে তাঁকে নিয়ে একটি প্রচ্ছদ কাহিনি টাইম সাময়িকীতে ছাপা হয়। বলা হতো তিনি ফটোগ্রাফি বিষয়ে এত জানতেন যে পোলারয়েডের ব্যাপারটি তিনি কয়েক ঘণ্টাতেই তৈরি করেছিলেন। কিন্তু আসল ব্যাপারটি হলো, তিনি সবকিছু গুছিয়ে আনার পরেও সর্বশেষ কয়েকটি ব্যাপার নিয়ে তিনি ব্যয় করেছিলেন ৩০টি বছর। এতটাই একাগ্র ও ধৈর্যে নিরবচ্ছিন্ন ছিলেন এই এডউইন।স্টিভ জবস তাঁর স্নাতক সম্পন্ন করেননি। কয়েক মাস কলেজে পড়ে তিনি বিদায় জানিয়েছিলেন তাঁর উচ্চশিক্ষাকে। এ ব্যাপারে স্টিভ তাঁর গুরু এডউইনকে অনুসরণ করেছিলেন কি না, তা জানা যায়নি। তবে এডউইন ল্যান্ডও তাঁর স্নাতক সম্পন্ন করেননি। স্টিভ ও এডউইন—দুজনই পরে নিজেদের কর্ম দিয়ে নিজেদের এমন এক উচ্চতায় তুলে ধরেছিলেন, যা তাঁদের করে তুলে ধরেছিল অনেক ‘শিক্ষিতের’ চেয়েও অনেক ওপরে। তাঁর দুজনই পরে বিলিয়নীয়র হয়েছিলেন। পোলারয়েড করপোরেশনে নিয়োগ করেছিলেন স্মিথ কলেজের সেরা গ্র্যাজুয়েটদের। নিজে রসায়নবিদ ছিলেন। তিনি তৈরি করতে চেয়েছিলেন এমন কিছু রসায়নবিদ—যারা রসায়ন নিয়ে কথা বললে মনে হবে, তাঁরা যেন ক্যানভাসে রসায়নের তুলির আঁচড় দিচ্ছেন।অ্যাপলের হয়ে স্টিভ জবস যখন কোনো পণ্য নিয়ে হাজির হতেন, তখন তাঁর পোশাকে থাকত না কোনো কেতাভাব। চাল-চলন হতো খুবই সহজ-স্বাভাবিক। পণ্যটিকে তিনি সবার সামনে উপস্থিত করতেন রূপকথার গল্পের ছলে। এই স্টাইলটি তিনি নিয়েছিলেন তাঁর গুরু এডউইন এইচ ল্যান্ডের কাছ থেকে। পণ্য উপস্থাপনকে কতটা সহজ করা যায়। সেটা প্রথম দেখিয়েছিলেন এডউইন। স্টিভ জবসের সেই জিনস ও কালো গলাবদ্ধ পুলওভারের স্টাইলটিতে মিশে রয়েছে এডউইন এইচ ল্যান্ডের ছোঁয়া।জীবনে দুবার ল্যান্ডের সঙ্গে দেখা হয়েছিল স্টিভ জবসের। একবার একটি আলোচনায় নিজেদের দুটি উদ্ভাবন নিয়ে কথা বলেছিলেন স্টিভ ও ল্যান্ড। পোলারয়েড ক্যামেরা নিয়ে স্টিভ জবস নিজেই জানতে চেয়েছিলেন ল্যান্ডের কাছে। ল্যান্ড জবাবে বলেছিলেন। ‘আমি পোলারয়েড ক্যামেরা বানানোর অনেক আগেই কল্পনা করতাম, এটি যেন আমার সামনের টেবিলেই রয়েছে। আমি এর প্রতিটি যন্ত্রাংশ চোখের সামনেই দেখতে পেতাম।’ স্টিভ জবস ম্যাকিনটোশ নিয়ে বলেছিলেন, ‘ব্যাপারটি অনেকটা আমি যেভাবে ম্যাকিনটোশকে দেখতে পেতাম। ম্যাকিনটোশ নিয়ে কোনো গবেষণা হয়েছে কি না—তা স্টিভের কাছে জানতে চেয়েছিলেন ল্যান্ড।’ এর জবাবে জবস বলেছিলেন, যে ম্যাকিনটোশ কোনো দিন দেখেইনি, সে কীভাবে এর সম্পর্কে বলবে। ম্যাকিনটোশ ক্রেতাদের কোনো মতামত ছাড়াই তৈরি হয়েছে, যেমনটা তৈরি হয়েছে আপনার পোলারয়েড ক্যামেরা। দুটো বিষয়ই পৃথিবীর মানুষের কাছে একেবারে নতুন দুটি ব্যাপার। স্টিভ জবসের এ কথায় দারুণ খুশি হয়েছিলেন এডউইন এইচ ল্যান্ড।উদ্ভাবন সম্পর্কে ল্যান্ডের নিজস্ব একটি তত্ত্ব ছিল। তিনি বলেছিলেন, পৃথিবীতে নতুন কোনো বিপ্লব যে উদ্ভাবন তৈরি করে, তা হতে হবে আকস্মিক। এমন কিছু হতে হবে, যা কোনো দিন পৃথিবীর মানুষ ভাবতেও পারেনি। এ ব্যাপারে যত গবেষণা হবে, এটি ততই ফিকে হয়ে যেতে থাকবে। একবার ভেবে দেখুন তো। সত্তরের দশকের আগে নিজের বাড়িতে একটা কম্পিউটার রাখার কথা কেউ কি ভেবেছিল? কিংবা ম্যাকিনটোশ আসার আগে কেউ কি ভেবেছিল, মাউস নামের একটি যন্ত্র দিয়ে আপনি কম্পিউটারের মতো জটিল একটি ব্যাপারকে সম্পূর্ণ পোষ মানিয়ে নিতে পারবেন? কিংবা সংগীত প্রিয়রা কখনো ভাবতেও পারেনি, পকেটে করেই কয়েক হাজার গান নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব। কেবল স্পর্শের মাধ্যমে যে অত্যাধুনিক একটি প্রযুক্তি ব্যবহার করা সম্ভব—তা আইফোন ও আইপ্যাডের আগে কে ভেবেছিল? স্টিভ জবস তাহলে গুরু এডউইন এইচ ল্যান্ডের কথা বেদবাক্যের মতোই হূদয়ে ধারণ করতেন। স্টিভ জবস ল্যান্ডের যে ব্যাপারটি আরও গভীরভাবে অনুসরণ করতেন সেটা হলো, বিজ্ঞানের সঙ্গে শিল্প ও ব্যবসার সংমিশ্রণকে। অ্যাপলের প্রতিটি পণ্যেও সেই ছায়াটি দারুণভাবে পড়েছে। আইফোন কী অসাধারণ শৈল্পিক এক ব্যাপার। স্পর্শে এর পর্দা সরে যাচ্ছে, একটার পর একটা বিষয় পরিবর্তিত হয়ে যাচ্ছে হাতের একেকটি স্পর্শে। এতে কেবল বিজ্ঞান নেই, রয়েছে দারুণ এক নান্দনিক ব্যাপার। ল্যান্ড যেমন এসএক্স-৭০ ক্যামেরায় নন্দনতত্ত্বের ছোঁয়া দিয়েছিলেন। শিষ্য জবস সেই নান্দনিকতাকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। স্টিভ জবসের নন্দনতত্ত্বকে ছাপিয়ে যেতে দরকার নতুন কাউকে।হ্যালো, স্টিভ জবসের শিষ্য কি কেউ আছেন?