
স্মার্টফোনকে অনেকে খুদে কম্পিউটার বলেন। তা যথার্থই। নানা কাজের নানা অ্যাপ কম্পিউটারের অভাব তো অনেকখানি পূরণ করেই, সঙ্গে দেয় কিছু অনন্য সুবিধাও। চমৎকার ছবি তোলা, ভিডিও করা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। স্মার্টফোন এখন অনেক আধুনিক হয়ে উঠেছে, আধুনিক হয়েছে এর ক্যামেরাও। ছবির মান যেমন উন্নত হয়েছে, তেমনি বেড়েছে মেগাপিক্সেলের পরিমাণ। তবে সংকটটা কিন্তু ভিন্ন জায়গায়। কোথাও বেড়াতে গেলে তো বটেই, হাতের নাগালে ছবি তোলার মোক্ষম হাতিয়ার থাকায় ঘরে-বাইরে যখন-তখন ক্লিক ক্লিক চলছেই। এদিকে দরকারি ফাইল, পছন্দের গান, ভিডিও, গেমস, অ্যাপস তো আছেই। ফলে টান পড়ছে তথ্য রাখার জায়গায়। স্মার্টফোনের ভেতরে থাকা জায়গা (ইন্টারনাল স্টোরেজ) তো দ্রুত ভরেই যায়। বাড়তি মেমোরি কার্ড যোগ করে সেই অভাব কিছুটা পূরণ করা যায় বটে, তবে তাও সীমাবদ্ধ। আর অ্যাপলের আইফোনে তো সে সুবিধাও নেই? বিধিবাম!
ছবি তুলে কম্পিউটারে রেখে দেওয়া যায় বটে, তবে যখন-তখন আপনি তা পাবেন কোথায়? আবার বহনযোগ্য হার্ডডিস্কেও নানা রকম ফাইল রাখা যায়, কিন্তু সেটাও তো সঙ্গে রাখতে হবে। এর সমাধান ক্লাউড। যাদের জানা নেই তাদের জন্য বলছি, এই ক্লাউড কিন্তু আকাশের মেঘ না। এটি হলো ইন্টারনেটে তথ্য রাখার জায়গা। এ যুগের প্রযুক্তি। বিভিন্ন প্রতিষ্ঠান বিনা মূল্যে ও নির্দিষ্ট ফির বিনিময়ে অনলাইনে ভার্চুয়াল স্টোরেজ সুবিধা দিয়ে থাকে। এই ক্লাউডে ছবি, ভিডিও বা যেকোনো কিছু রাখার সুবিধা হলো, যখন চাইবেন তখনই সেগুলো ব্যবহার করতে পারবেন। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হলো।
কীভাবে ব্যবহার করবেন?
ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে আপনি এই ক্লাউড স্টোরেজগুলোতে নিজের যেকোনো ফাইল বা ছবি রাখতে পারবেন, যখন ইচ্ছা তখন নামিয়ে দেখতে পারবেন। আপলোড-ডাউনলোডের এই কাজটি সহজ করার জন্য প্রায় প্রতিটি ক্লাউড সেবার রয়েছে নিজস্ব অ্যাপ। এই অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবিগুলো ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করে রাখতে পারে, পরবর্তী সময়ে যেকোনো স্মার্টফোন-ট্যাব-নোটবুক-ডেস্কটপ থেকে ঢুকে দেখা যাবে।
কোন ক্লাউড সেবা ব্যবহার করবেন?
সহজে ব্যবহারযোগ্যতা, অপারেটিং সিস্টেম সমর্থন করে কি না, ফাইলের নিরাপত্তা এবং কতটুকু জায়গা আপনি বিনা মূল্যে পাচ্ছেন তার ওপর ভিত্তি করে সেবাটি বেছে নিন।
ড্রপবক্স
বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুললেই ২ গিগাবাইট জায়গা পাওয়া যাবে। তবে বন্ধুদের ‘রেফার’ করলে তাদের প্রতিটি নতুন নিবন্ধনের জন্য ৫০০ মেগাবাইট করে সর্বোচ্চ ১৬ গিগাবাইট জায়গা হবে আপনার জন্য।
ঠিকানা: www.dropbox.com।
ওয়ানড্রাইভ
মাইক্রোসফট করপোরেশনের এই সেবা আগে স্কাইড্রাইভ নামে পরিচিত ছিল। মাইক্রোসফটের যেকোনো সেবার অ্যাকাউন্ট দিয়ে ওয়ান ড্রাইভ ব্যবহার করা যাবে। বর্তমানে বিনা মূল্যে ১৫ গিগাবাইট জায়গা পাওয়া যাচ্ছে।
ঠিকানা: onedrive.live.com।
গুগল ড্রাইভ
গুগলের অন্যান্য সেবার মতো একটি একই অ্যাকাউন্টেই গুগল ড্রাইভ ব্যবহার করা যাবে। প্রাথমিক নিবন্ধন অবশ্য দরকার পড়বে। বিনা মূল্যে পাওয়া যাবে ১৫ গিগাবাইট জায়গা।
ঠিকানা: drive.google.com
বক্স
বক্স ডটকেম নিবন্ধনের সঙ্গেই পাবেন বিনা মূল্যে ১০ গিগাবাইট জায়গা। তবে কোনো ফাইল ২৫০ মেগাবাইটের বেশি হতে পারবে না, সেটাই বা কম কিসে!
ঠিকানা: www.box.com।
এ ছাড়া অ্যামাজন ক্লাউড ড্রাইভ, সুগারসিঙ্ক, আইড্রাইভ এবং শুধু অ্যাপলের পণ্য ব্যবহারকারীদের জন্য আইক্লাউড সেবা আছে। এগুলোতে পাবেন ৫ গিগাবাইট জায়গা।