প্রতিবন্ধীদের আইটি প্রতিযোগিতায় আইসিটি প্রতিমন্ত্রী
এদেরই কেউ একদিন প্রযুক্তিবিশ্ব জয় করবে
‘যতজনই শারীরিক প্রতিবন্ধী থাকুক না কেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। এ জন্য বাংলাদেশ সরকার ২০১৩ সালে যুব প্রতিবন্ধী সুরক্ষা-বিষয়ক আইন পাস করেছে। এটি তাদের প্রতি কোনো মায়া নয়, এটি তাদের অধিকার। আমি আশা করছি, একদিন এদেরই কেউ প্রযুক্তিবিশ্ব জয় করার মতো কোনো প্রযুক্তিবিদ হবে।’ যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় তথ্প্রযুক্তি (আইটি) প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) গতকাল শনিবার এ প্রতিযোগিতার আয়োজন করে সরকারের আইসিটি বিভাগ। আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং ইউএপি।
অনুষ্ঠানের সভাপতি ইউএপির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী জানিয়ে দেন, ২০ বছর আগে আজকের এই দিনে (৪ জুন) ১৯৯৬ সালে দেশে অনলাইন ইন্টারনেট সংযোগ চালু হয়েছিল। অনুষ্ঠানে সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন প্রাণ গোপাল দত্ত, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশীদ, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম ও বিসিসির পরিচালক এস এম আশরাফুল ইসলাম বক্তৃতা করেন।
দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (অটিজম)—এই চার বিভাগে সারা দেশ থেকে মোট ৫২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেটের নানা বিষয়ে প্রতিযোগীদের দক্ষতা দেখে বিচার করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম, মুখলেছুর রহমান ও জাহিদুল ইসলাম। কাজী নুসরাত সিনতিয়া, মো. খালেদ হোসেন ও মো. শরিফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মো. আরমান কালাম, সামুরা ও সাকিব খান। অটিজম বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রাফিদ আহসান, এস এম ফেরদৌস আহসান ও রিসতা গালিব।
প্রতি বিভাগের সেরা তিনজনের প্রত্যেককে ৪০, ৩০ ও ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। চার বিভাগের চার চ্যাম্পিয়ন এ বছরের নভেম্বরে চীনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।