এনএসএ ইন্টারনেটের ভবিষ্যতে আগুন দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বলেছেন, বিশ্বজুড়ে এনএসএ যে গোপন নজরদারি চালাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই চালানো হবে। সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে সাউথ বাই সাউথওয়েস্ট ইন্টারঅ্যাকটিভ উৎসবে অংশগ্রহণকারীদের উদ্দেশে এ কথা বলেন। তিনি বলেন, ‘এনএসএ ইন্টারনেটের ভবিষ্যতে আগুন লাগিয়ে দিচ্ছে। এই আগুন নেভানোর জন্য আমরা দমকল কর্মীর ভূমিকায় অবতীর্ণ হব।’ রাশিয়া থেকে টেলি-সম্মেলনের মাধ্যমে স্নোডেন এ বক্তব্য দেন।
এনএসএর গণনজরদারি সম্পর্কে স্নোডেন বলেন, এই নজরদারি কারোরই কাম্য নয়। এই গণনজরদারির তথ্য ফাঁস করে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন বলে মার্কিন আইনপ্রণেতারা যে দাবি করছেন, তা নাকচ করে দেন স্নোডেন। তিনি বলেন, ‘এমন একটি পরিবেশ তৈরি হওয়া উচিত, যেখানে জনগণ গোয়েন্দাগিরির ভয় ছাড়াই তাদের ই-মেইল খুলতে পারবে। আমাদের গোয়েন্দাদের অনেক ব্যর্থতা রয়েছে, কারণ আমরা কাউকে সন্দেহ করার বদলে প্রত্যেকের ফোন ও ই-মেইলের ওপর নজরদারি করছি।’
কম্পিউটার বিশেষজ্ঞ স্নোডেন সর্বশেষ বুজ অ্যালান হ্যামিল্টন নামে একটি মার্কিন বেসরকারি কোম্পানির কর্মী হিসেবে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য চুক্তিভিত্তিতে কাজ করছিলেন। সেই সুবাদে তিনি দেখতে পান, এনএসএ বিভিন্ন রাষ্ট্র, প্রতিষ্ঠান ও ব্যক্তি নাগরিকের যাবতীয় ক্রিয়াকর্মের ওপর গোপনে নজরদারি করছে ইন্টারনেট ও মোবাইল টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে।
এনএসএর এই গণগোয়েন্দাগিরির তথ্য বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি গত বছরের মে মাসের মাঝামাঝি তাঁর শেষ কর্মস্থল যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে চলে যান হংকং। সেখানে তিনি যুক্তরাজ্যের গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রকে এনএসএর ‘টপ সিক্রেট’ তথ্যভান্ডারের ইলেকট্রনিক ভাষ্য হস্তান্তর করলে পত্রিকা দুটি সেসবের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা শুরু করে।
এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে স্নোডেন রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পান।
—টেকক্র্যাঞ্চ রোকেয়া রহমান