জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতার এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাক্স+৭ দল৷ এ দলের সদস্যরা হলেন প্রত্যয় মজুমদার, প্রসেনজিৎ বড়ুয়া ও মোহাম্মদ হাফিজ উদ্দন। রানারআপও হয়েছে বুয়েট৷ এ দলটির নাম ওনিয়ন (মো. কায়সার আবদুল্লাহ, সাদিয়া নাহরিন ও সাকিব সাফায়াত)৷
প্রতিযোিগতায় দ্বিতীয় রানারআপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসইউএসটি ব্যাট বিট্যান্স (ধনঞ্জয় বিশ্বাস, দেওয়ান মাহমুদ রায়হান, যীশু ব্যানার্জি) এবং চতুর্থ স্থান অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিআইইউ প্রাইমেটিভ দল (মো. সামিউল ইসলাম, শরীফ আহমেদ ও শুভ কর্মকার)৷
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় গত শুক্রবার ‘ড্যাফোডিল জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি) ২০১৪ অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের ১১৫টি দল অংশ নেয়৷ প্রতিযোগিতা চলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান বলেন, এই প্রোগ্রামিং প্রতিযোগিতা তরুণদের মেধাবিকাশে ভূমিকা পালন করবে। তথ্যপ্রযুক্তিতে জনবল বাড়াতে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় একজন করে দক্ষ আইটি স্পেশালিস্ট নিয়োগ করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘জ্ঞানভিত্তিক নতুন ধারার অর্থনীতির গতি ত্বরান্বিত করতে হলে আমাদের মেধাবী তরুণ যুবসমাজ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান, প্রতিযোগিতার প্রধান বিচারক এম কায়কোবাদ, পরিচালক সৈয়দ আকতার হোসেন, এসিএম আইসিপিসির বাংলাদেশ কাউন্সিল প্রধান অধ্যাপক আবুল এল হক। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়৷