এপনিকের পলিসি সিগের কো-চেয়ার হলেন সুমন আহমেদ
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুমন আহমেদ এবার এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (এপনিক) নীতিমালা-সংক্রান্ত স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ) কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এপনিক ৪০ সম্মেলনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। সুমন আহমেদ এপনিকের পলিসি কার্যক্রম যেমন এশিয়া প্যাসেফিক অঞ্চলে আইপি অ্যাড্রেস এবং অটোনমাস সিস্টেম নাম্বার বিতরণ ব্যবস্থা কীভাবে আরও ভালোভাবে করা যায় সে বিষয়ে একটি বিশেষজ্ঞ দলকে নেতৃত্ব দেবেন। খবর বিজ্ঞপ্তির।
বিডিনগ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্তমানের ইন্টারনেট অবকাঠামো আইপিভি ৪ প্রযুক্তি থেকে আইপিভি ৬ প্রযুক্তিতে মাইগ্রেশন বিষয়ে ভূমিকা রাখার পাশাপাশি সুমন আহমেদ আগামী দুই বছর উত্তর আমেরিকা ও ইউরোপ অঞ্চল থেকে অব্যবহৃত আইপিভি ৪ অ্যাড্রেস সংগ্রহ করে এশিয়া প্যাসেফিক অঞ্চলে স্থানান্তরের কাজটি করবেন।