এপিএমওতে বাংলাদেশের সাফল্য
এবারের ২৪তম এপিএমওতে (এশিয়া প্যাসিফিক ম্যাথ অলিম্পিয়াড) অভূতপূর্ব সাফল্য অর্জন করল বাংলাদেশ। গত ১৩ মার্চ ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হয় এশিয়া প্যাসিফিক ম্যাথ অলিম্পিয়াড। এতে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে রৌপ্যপদক পেয়েছে ধনঞ্জয় বিশ্বাস, ব্রোঞ্জপদক পেয়েছে সৌরভ দাস ও তানজীম শরীফ মুগ্ধ এবং সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে আদীব হাসান ও এহসানুল কবীর। এদের মধ্যে ধনঞ্জয় বিশ্বাস, সৌরভ দাস, তানজীম শরীফ মুগ্ধ এবং আদীব হাসান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্য।২০০৭ সাল থেকে বাংলাদেশ নিয়মিত এপিএমওতে অংশ নিচ্ছে। প্রথমবার থেকেই বাংলাদেশ এই প্রতিযোগিতায় ভালো ফলাফল করে আসছে। তবে এবারের এপিএমওতে বাংলাদেশের ফলাফল আগের যেকোনো বারের তুলনায় ভালো হয়েছে। সার্বিকভাবে এশীয়ও প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ ১৯তম অবস্থান অর্জন করে। এপিএমওর স্থানীয় আয়োজক ছিল বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। তুষার চক্রবর্তী