এপ্রিলে আসছে অ্যাপলের স্মার্টঘড়ি

আগামী এপ্রিল মাসেই বাজারে আসছে অ্যাপল কম্পিউটারের বহুপ্রতীক্ষিত স্মার্টঘড়ি—অ্যাপল ওয়াচ। সম্প্রতি বিশ্বখ্যাত এ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এ তথ্য জানিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরেই ঘোষণা দেওয়া হয়েছিল ২০১৫ সালের শুরুতেই আসছে অ্যাপল ওয়াচ। আর সে ঘোষণা অনুযায়ী এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে অ্যাপল ওয়াচ, এমনটাই জানা গেছে।
ইতিমধ্যে অ্যাপল ওয়াচের জন্য নানা ধরনের অ্যাপ তৈরি এবং সেগুলোর পরীক্ষামূলক ব্যবহারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অ্যাপলের প্রোগ্রামাররা। বাজারে আসার আগেই সর্বশেষ অ্যাপগুলোর নানা দিক নিয়ে কাজ করে যাচ্ছেন তাঁরা। বিশেষ করে পরিধেয যন্ত্র হওয়ায় বিস্তর গবেষণার পরও সেগুলোকে নানাভাবে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
টিম কুক নিজেই নতুন এ অ্যাপল ওয়াচ ব্যবহার শুরু করেছেন। নিজে আগে ব্যবহার করে এর নানা বিষয় জেনে নিতে চান টিম কুক। তিনি জানিয়েছেন, ‘আমি প্রতিদিনই নতুন এ যন্ত্র ব্যবহার করছি। সত্যিকার অর্থেই আমি এটিকে ভালোবেসে ফেলেছি। এখন মনে হচ্ছে, এটি ছাড়া আমার বাঁচা মুশকিল!’ তবে ঠিক কোন তারিখ থেকে ব্যবহারকারীরা অ্যাপল ওয়াচটি পাচ্ছেন সে বিষয়টি বিস্তারিত জানা যায়নি। বরাবরের মতো এবারও মূল আয়োজন ও তারিখ নিয়ে মুখ খোলেনি অ্যাপল কর্তৃপক্ষ। তবে এপ্রিলে যে আসছে সেটি নিশ্চিত হওয়া গেল। —টেকক্রাঞ্চ অবলম্বনে কাজী আলম