এফবিসিসিআইয়ের পরিচালক হওয়ায় শামীমকে সংবর্ধনা
দেশের ব্যবসায় খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটিতে অন্যতম পরিচালক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসানকে গতকাল মঙ্গলবার তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘তরুণ নেতৃত্ব যত সফল হবে, আমাদের এগিয়ে যাওয়া ততই ত্বরান্বিত হবে।’
অনুষ্ঠানে শামীম আহসান বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ-সুবিধা দেওয়া এবং তথ্যপ্রযুক্তিসহ ব্যবসা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা আমার পরিকল্পনা। দেশের সব ব্যবসায়ীকে তথ্যপ্রযুক্তির আওতায় আনাও একটি উদ্দেশ্য।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, বেসিসের সহসভাপতি রাসেল টি আহমেদসহ অনেকে।
শামীম আহসান ২০১৫-১৭ সাল মেয়াদে এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছেন। রাফাত জামিল