এফবিসিসিআইয়ের সদস্য হল ই-ক্যাব

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সদস্যপদ পেয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। আজ এই সদস্যপদ পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জেনেছে ই-ক্যাব।
ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ প্রথম আলোকে বলেন, সদস্য পদ পাওয়ার মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ট্রেড অর্গানাইজেশনের সব ধরনের আনুষ্ঠানিকতা পূর্ণ হলো। এখন থেকে ই-ক্যাব তাদের সংগঠন পরিচালনায় এফবিসিসিআইয়ের সব ধরনের সহযোগিতা পাবে। এই সদস্যপদ প্রাপ্তি ই-ক্যাবকে স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করতেও সাহায্য করবে।
রাজিব আহমেদ বলেন, এফবিসিসিআইয়ের সদস্যপদ প্রাপ্তি ই-ক্যাবের কার্যক্রমে আরও গতি আনবে। ব্যাংক লোনসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবেন ই-ক্যাবের সদস্যরা। বাংলাদেশের ই-কমার্সের উন্নয়নে এখন থেকে ই-ক্যাব জোরালো ভূমিকা রাখতে পারবে। ই-কমার্সের ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে সরকারের কাছে বিভিন্ন বিষয়ে লবিং করতে পারবে। এ ছাড়াও এ ক্ষেত্রটির প্রচার ও প্রসারে কাজ করবে ই-ক্যাব।
এফবিসিসিআইয়ের সদস্য হওয়ায় ই-কমার্সের গ্রাহকেরা কোনো সুবিধা পাবেন কিনা এ প্রশ্নের জবাবে রাজিব আহমেদ বলেন, গ্রাহকদের একটি নালিশ বা অভিযোগ জানানোর জায়গা তৈরি হয়েছে। কোনো সদস্য ই-ক্যাবের সদস্য দ্বারা প্রতারিত হলে অভিযোগ জানাতে পারবেন।