এবছরই আইপ্যাডকে ডিঙোবে অ্যান্ড্রয়েড ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে অ্যাপলের আইপ্যাডকে বিক্রিতে পেছনে ফেলবে অ্যান্ড্রয়েড-নির্ভর ট্যাবলেটগুলো। বাজার গবেষকেরা এ পূর্বাভাস দিয়েছেন। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ বিক্রির হিসাবে আইপ্যাডকে ছাড়িয়ে যাবে অ্যান্ড্রয়েড-নির্ভর ছোটো ট্যাবলেটগুলো। খবর টেলিগ্রাফ অনলাইনের।বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন বা আইডিসি তাদের সাম্প্রতিক এক গবেষণায় দেখেছে, আইপ্যাডের বাজার প্রথমবারের মতো ৫০ শতাংশের নীচে নেমে এসেছে, আর অ্যান্ড্রয়েডনির্ভর ছোটো আকারের ট্যাবলেটগুলো বাজার দখল করছে। গবেষণার ফল বলছে- ২০১৩ সালের শেষ নাগাদ আইপ্যাডের বাজার ৪৬ শতাংশে নেমে আসবে আর গুগলের অ্যান্ড্রয়েড ৪৯ শতাংশ বাজার দখল করবে। ২০১৩ সালে ১৯ কোটিরও বেশি ট্যাবলেট বিক্রি বিক্রি হবে বলেও বাজার গবেষকেরা ধারণা করছেন। আইপ্যাড ছাড়াও আসুসের নেক্সাস ৭ ও আমাজনের কিন্ডল ট্যাবলেট বাজারে ক্রেতাদের আগ্রহ ধরে রেখেছে।২০১২ সালে অ্যাপলও ছোটো আকারের ট্যাবলেট ‘আইপ্যাড মিনি’ বাজারে এনেছে। সব মিলিয়ে ২০১৩ সালে ছোটো আকারের ট্যাবলেট বিক্রি হবে সবচেয়ে বেশি। এর পাশাপাশি গবেষকেরা ধারণা করছেন, উইন্ডোজনির্ভর ট্যাবলেটের বাজারও দ্রুত বাড়বে। তাঁদের ধারণা, বর্তমানে বাজারের এক শতাংশ উইন্ডোজ ট্যাবলেটের। ২০১৭ সাল নাগাদ সাত শতাংশ বাজারের দখল নেবে উইন্ডোজ ট্যাবলেট।