
নিজেদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সারা দেশ থেকে ৮০০ মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) ধারণাপত্র জমা দিয়েছিলেন তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা। প্রাথমিক বাছাই, গ্রুমিং, বিচারকদের সামনে উপস্থাপনা—নানা ধাপ পেরিয়ে ২৫টি অ্যাপ ঠাঁই পায় চূড়ান্ত পর্বে। আর সেই ২৫টি অ্যাপের চূড়ান্ত উপস্থাপনা গতকাল শনিবার হয়ে গেল রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫ আয়োজনে এখন অপেক্ষা শীর্ষ দশ অ্যাপের জন্য। শিগগিরই রাজধানীতে একটি জমকালো অনুষ্ঠানে শীর্ষ দশে থাকা অ্যাপ নির্মাতাদের নাম ঘোষণা করা হবে।
দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যায় এমন অ্যাপ তৈরি করেছেন প্রতিযোগীরা। দিনব্যাপী চলা চূড়ান্ত উপস্থাপনায় প্রতিযোগীরা বিচারকদের সামনে কৃষি, ব্যবসা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জীবন যাপন, জরুরি সেবা, পর্যটন ও গেমস বিষয়ের অ্যাপ উপস্থাপন করেন। প্রতিযোগিতার প্রধান বিচারক অধ্যাপক এম কায়কোবাদ প্রতিযোগীদের উদ্দেশে বলেন, মেধাবিকাশে এই অ্যাপ প্রতিযোগিতা সঠিক পথে তরুণদের চালনা করছে। প্রতিযোগিতায় বেশ কিছু উদ্ভাবনী অ্যাপ পাওয়া গেছে।
সকালে উপস্থাপনা পর্বের আগে এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে সেবার মান বাড়াতে যেমন অ্যাপের ভূমিকা রয়েছে, তেমনি একটি সফল অ্যাপ লাভজনক ব্যবসায়িক উদ্যোগ হিসেবে গড়ে উঠতে পারে।’ এ সময় ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গ্রামীণফোনের মহাব্যবস্থাপক (ভ্যাস ও ডিজিটাল সেবা, প্রোডাক্ট কমার্শিয়াল ডিভিশন) মোহাম্মদ মুনতাসীর হোসেন ও প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন বক্তৃতা করেন।
প্রতিযোগিতার বিচার-প্রক্রিয়ার সমন্বয়ক রাজেশ পালিত বলেন, এই চূড়ান্ত পর্বের উপস্থাপনা থেকে শীর্ষ দশ অ্যাপ নির্বাচন করা হবে। এই পর্বে বিচারকদের রায় থেকে ৬৫ শতাংশ নম্বর, অ্যাপ নামানোর সংখ্যা থেকে ২০ এবং অন্য প্রতিযোগীদের মতামত থেকে ১৫ শতাংশ নম্বর নিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে আছে ১০ লাখ, ৫ লাখ ও ৩ লাখ টাকা। শীর্ষ দশে থাকা অন্য দলগুলোর জন্যও আছে পুরস্কার।