এবার অর্থনৈতিক আগ্রাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্কোয় গাজপ্রোমের প্রধান কার্যালয়। এ জ্বালানি কোম্পানি ইউক্রেনে গ্যাসের দাম বাড়িয়ে দেয়
মস্কোয় গাজপ্রোমের প্রধান কার্যালয়। এ জ্বালানি কোম্পানি ইউক্রেনে গ্যাসের দাম বাড়িয়ে দেয়

দিনে দিনে যুদ্ধ-পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করেই ক্ষান্ত হয়নি রাশিয়া। মস্কো প্রশাসন এখন দেশটিতে অর্থনৈতিক আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে। গত ৩১ মার্চ রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গাজপ্রোম হঠাৎ করেই ইউক্রেনে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি এখন স্মরণকালের সর্বোচ্চ মূল্যে ইউক্রেনে গ্যাস সরবরাহ করছে। উপায় না পেয়ে কিয়েভের পশ্চিমাপন্থী নেতারা নতুন জ্বালানির উৎসের খোঁজে মাঠে নেমেছেন।
তবে ইউক্রেন এও জানিয়ে দিয়েছে যে তারা এই বর্ধিত মূল্য পরিশোধ করবে না। দেশটির প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিউক বলেন, নতুন এই দাম অযৌক্তিক এবং ইউক্রেন কখনো এই দাম দেবে না। তিনি বলেন, সামরিক বাহিনী দিয়ে ইউক্রেন দখল করতে না পেরে এখন অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে রাশিয়া। এ জন্য গ্যাসের দাম বাড়িয়ে অর্থনৈতিক আগ্রাসন করতে চাইছে। তারা আগের যে মূল্য ছিল তা-ই পরিশোধ করবে।
এছাড়া কিয়েভ প্রশাসন তাদের দেশের ভেতর দিয়ে যাওয়া কিছু পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই পাইপলাইনগুলো দিয়েই গাজপ্রোম পশ্চিম ও দক্ষিণ ইউরোপে গ্যাস সরবরাহ করে থাকে।
ইউক্রেনের মোট প্রয়োজনীয় গ্যাসের চাহিদার সিংহভাগ রাশিয়া সরবরাহ করত। রাশিয়া ইউক্রেনকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিশাল ছাড় দিত। কিন্তু রাশিয়া ওই ছাড়ের বদলে উল্টো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত ডিসেম্বর মাসে করা চুক্তি অনুযায়ী রাশিয়া ইউক্রেনকে প্রতি এক হাজার ঘনমিটার গ্যাস ২৬৮ দশমিক ৫ ডলারে সরবরাহ করত। কিন্তু এখন প্রতি হাজার ঘনমিটার গ্যাসের জন্য রাশিয়াকে ৪৮৫ দশমিক ৫ ডলার করে দিতে হবে।
গত সপ্তাহে গাজপ্রোমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সেই মিলার এক টেলিভিশন অনুষ্ঠানে ব্যাখ্যা করেন কেন রাশিয়া গ্যাসের দাম বাড়িয়েছে। তিনি জানান, ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সহযোগিতা চুক্তি না করার পুরস্কারস্বরূপ গত ডিসেম্বর মাসে এক চুক্তির আওতায় কম মূল্যে ইউক্রেনকে গ্যাস সরবরাহ করেছে। একটি শর্তের অধীনে এই বিশেষ ছাড় দেওয়া হয়। শর্তটা হচ্ছে গ্যাসের জন্য নেওয়া সব ঋণ পরিশোধ করবে এবং বর্তমানে যে গ্যাস দেওয়া হচ্ছে তার ১০০ শতাংশ মূল্য পরিশোধ করবে। সেই সময় এটা পরিষ্কার বলা হয়েছিল যে ১০০ শতাংশ মূল্য পরিশোধ না করলে ২০১৪ সালের মার্চ মাসের পর কম মূল্যে গ্যাস সরবরাহ করার সুবিধা বাতিল করা হবে। মিলার জানান, যেহেতু মার্চ মাসের গ্যাসের মূল্য ইউক্রেন পরিশোধ করেনি। তাই ডিসকাউন্ট সুবিধা বাতিল করে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
রাশিয়ার চাপিয়ে দেওয়া গ্যাসের দাম মোকাবিলা করতে ইউক্রেন পুনরায় কয়লার দিকে মনোযোগী হচ্ছে। জরুরি অবস্থায় গ্যাসের বিকল্প হিসেবে কয়লার কোনো বিকল্প নেই দেশটির। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ইউরি প্রদ্যান বলেন, ‘রাশিয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই মুহূর্তে কয়লার ওপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না আমি।’
রাশিয়ার গ্যাসের ওপর ইউক্রেন ও ইউরোপের দেশগুলোর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতারাও চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে ব্রাসেলসে ইইউ ও মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে এক বৈঠক করেছেন। এ বৈঠকে কাসপিয়ান সাগর থেকে আজারবাইজানি গ্যাস তুরস্কের মধ্য দিয়ে ইউরোপে নেওয়ার জন্য একটি পাইপলাইন স্থাপনের কথা বলা হয়েছে।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী অবশ্য বিকল্প হিসেবে পোল্যান্ড ও হাঙ্গেরি থেকে গ্যাস নেওয়ার কথা ভাবছেন। তিনি ওই দুটি দেশের ব্যবসায়ীদের সঙ্গে গ্যাসের পাইপলাইনের নেটওয়ার্ক ব্যবহার নিয়ে একটি সমঝোতার চেষ্টা করছেন। এতে করে পশ্চিম থেকে সুলভ মূল্যে গ্যাস পাওয়া যেতে পারে। তিনি জানান, ইউরোপের বর্তমান বাজারমূল্যে গ্যাস সরবরাহ করতে পোল্যান্ড ও হাঙ্গেরির গ্যাস ব্যবসায়ীরা আগ্রহী। স্লোভাকিয়ার সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করেছে ইউক্রেন। এখন এসব দেশ থেকে পাওয়া গ্যাস ইউক্রেনের চাহিদা পূরণ করতে পারে কিনা সে এখন দেখার বিষয়।
ফাতেমা আবেদীন, সূত্র: এএফপি