এবার অ্যাপলের অপারেটিং সিস্টেম লায়ন
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড গত বুধবার ম্যাকিনটোশ কম্পিউটারের জন্য নতুন একটি অপারেটিং সিস্টেম বাজারে ছেড়েছে। এর নাম লায়ন অপারেটিং সিস্টেম। হালনাগাদ করার মাধ্যমে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। অ্যাপলের ম্যাকবুক এয়ার আলট্রা-থিন ল্যাপটপ কম্পিউটারও এটি দিয়ে চলবে জানিয়েছে অ্যাপল।এদিকে শেয়ারবাজারেও বেশ ভালো অবস্থানে আছে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি। আগের সব ইতিহাস ভেঙে সর্বোচ্চ লাভের মুখ দেখেছে অ্যাপল। ম্যাকিনটোশ কম্পিউটার অপারেটিং সিস্টেমের হালনাগাদ ভার্সন হলো এই লায়ন অপারেটিং সিস্টেম। এতে থাকছে নতুন ২৫০টি বৈশিষ্ট্য। থাকছে মাল্টি-টাচ কনট্রোল ব্যবস্থা। নাটকীয়ভাবে হলেও গেল কিছুদিন বাজারে বেশ ভালো লাভ তুলে এনেছে ম্যাকিনটোশ কম্পিউটার। অ্যাপলও সেই ধারাবাহিকতায় ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।ম্যাকিনটোশ কম্পিউটারে আগে থেকেই লায়ন ইনস্টল করা থাকবে। ডাউনলোডও করা যাবে ম্যাক অ্যাপ স্টোর থেকে। দাম পড়বে ৩০ ডলার। অ্যাপলের বিশ্বব্যাপী পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিলিপ স্কিলার বলেন, ‘এ পর্যন্ত যতগুলো অপারেটিং সিস্টেম বাজারে এনেছি আমরা, তার মধ্যে লায়নই সেরা। তাই আমরা রোমাঞ্চিত। আজ (গত বুধবার) থেকেই তা ডাউনলোড করতে পারবেন সবাই।’হালনাগাদ ম্যাকবুক এয়ার ল্যাপটপগুলোতে থাকছে স্পিডায়ার ইন্টেল প্রসেসর, ব্যাকলিট কি-বোর্ড এবং দ্রুতগতির তথ্য আদান-প্রদানে সক্ষম একাধিক পোর্ট। ৯৯৯ ডলার থেকে এক হাজার ৫৯৯ ডলারের বিনিময়ে পাওয়া যাবে ম্যাকবুক এয়ার। দাম নির্ভর করবে প্রসেসরের গতি, মেমোরি ও অন্যান্য ফিচারের ওপর। —এএফপি অবলম্বনে মাহফুজ রহমান