এবার অ্যাপলের নতুন চমক!

অ্যাপল তার উদ্ভাবনী ক্ষমতা হারিয়েছে বলে যাঁরা হাহুতাশে ছিলেন তাঁদের একটু নড়েচড়ে বসার ইঙ্গিতই দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। টিম দাবি করেছেন, অ্যাপল সত্যিই চমত্কার পণ্য তৈরিতে কাজ করছে। পণ্যটি কী? অবশ্য এখনই এ নিয়ে হাটে হাঁড়ি ভাঙতে নারাজ টিম কুক।
চীনে ১৭ জানুয়ারি শুক্রবার চীনা মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান চায়না মোবাইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইফোনের যাত্রা শুরু উপলক্ষে টিম কুক অ্যাপলের ‘চমক’ সম্পর্কে তথ্য জানান।
টিম কুক বলেন, তিনি এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তবে, অ্যাপল যা তৈরি করছে, তা দেখে সবাই পছন্দ করবেন বলেই মনে করছেন তিনি। তাঁর মতে, অ্যাপল সবাইকে খুশি করার মতো পণ্য তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।
টিম কুককে ব্লুমবার্গের সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, ভবিষ্যতে কী চমক দেবে অ্যাপল? টিম কুক জবাবে জানিয়েছেন, ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু জানাবেন না তিনি। কারণ, অ্যাপল আগে থেকে কোনো কিছু জানায় না।
বড়মাপের ডিসপ্লেযুক্ত আইফোন কিংবা নমনীয় ডিসপ্লের কোনো আইফোন আসবে কি না—তা নিয়ে প্রশ্ন করা হলে কুক বলেন, ভবিষ্যতে চমত্কার আপডেট আসতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা চমত্কার কিছু পণ্য নিয়ে কাজ করছি কিন্তু সে তথ্য এখন গোপন রাখতে চাই। যখন তা বাজারে ছাড়া হবে, মানুষ দেখে খুশি হবে।’
কী চমক হতে পারে? প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, এ বছর একটি নতুন মডেলের আইফোন, আইপ্যাডের আপডেট, অ্যাপলের স্মার্ট আইওয়াচ আসতে পারে। এমনকি স্টিভ জবস ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে যে আইটিভি বাজারে আনার ইঙ্গিত দিয়েছিলেন, এ বছর সেটিও আনতে পারে অ্যাপল।
প্রসঙ্গত, ২০১৩ সালে আইপ্যাড এয়ার, আইফোনের আপডেটের পাশাপাশি প্রথা ভেঙে আইফোন৫সি বাজারে এনেছিল অ্যাপল। তবে প্রযুক্তি-বিশ্লেষকেরা অ্যাপলের সমালোচনা করে বলেছিলেন, নাহ, অ্যাপল আর সেই অ্যাপল নেই! স্টিভ জবস মারা যাওয়ার পর জৌলুস হারিয়েছে অ্যাপল, নেই কোনো উদ্ভাবনী পণ্য! তবে টিম কুক সে সময় চুপ ছিলেন। অবশ্য এবার আগেভাগেই টিম কুকের মুখ খুলেছে। হয়তো এবার নতুন চমকই দেবে অ্যাপল।