এবার অ্যাপস উপস্থাপনার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ধারণাপত্রের বাছাই পর্ব
চলছে ধারণাপত্রের বাছাই পর্ব

শেষ হয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর ধারণাপত্র (দল) বাছাইয়ের কাজ। প্রাথমিকভাবে জমা পড়া ৮০৫টি ধারণাপত্রের মধ্য থেকে ১২৫টি ধারণাপত্রকে নির্বাচন করা হয়েছে পরবর্তী পর্যায়ের জন্য। আগামী ১ নভেম্বর নির্বাচিত দলগুলোর প্রতিযোগীরা তাঁদের অ্যাপসের বিস্তারিত উপস্থাপন করবেন বিচারকদের সামনে।
প্রতিযোগিতার বাছাই পর্বের সমন্বয়কারী রাজেশ পালিত বলেন, ১২৫টি দলকে ১০ ভাগে ভাগ করে বিচার প্রক্রিয়া চলবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠন করা হয়েছে জুরিবোর্ড।প্রতিটি দলের অ্যাপ বিচারের জন্য তিনজন করে বিচারক থাকবেন।ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা প্রর্যন্ত চলবে এই বিচার পর্ব। দিনের শেষে জুরিবোর্ডের সদস্যরা পরবর্তী পর্বের জন্য ৩০টি দলকে নির্বাচন করবেন, যাদের নিয়ে পর পর তিনটি গ্রুমিং সেশন ও প্রকল্প উপস্থাপনা শেষে বিচারকদের রায় (৭০ শতাংশ) ও অনলাইন ভোটিংয়ের (৩০ শতাংশ) মাধ্যমে নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ীদের।
শিক্ষা (১৪টি), স্বাস্থ্য (১৫টি), উপযোগিতা (১৩টি), অন্যান্য (৯টি), লাইফ স্টাইল (১১টি), ব্যবসা (১২টি), খেলা (২৪টি), কৃষি (১০), অর্থনীতি (২টি), পরিবেশ (৬টি), সংবাদ (১টি), বই (৩টি), খাদ্য ও পানীয় (২টি) ও ফেসবুক গেম (৩টি)—এই ১৪টি বিভাগ থেকে অ্যাপসের ধারণাপত্রগুলো নির্বাচন করা হয়েছে।
বহুমাত্রিক সৃজনশীল ধারণার প্রতি লক্ষ রেখেই নির্বাচন করা হয়েছে ধারণাপত্রগুলো। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিকোডার বিডির ‘ক্রপ ইনস্পেক্টর’ শিরোনামে একটি ধারনাপত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। ধারণাপত্রের বর্ণনায় দলনেতা প্রশান্ত কুমার বলেন, গাছের রোগ নির্ণয়, প্রাকৃতিক উপায়ে রোগের সমাধান, সার প্রয়োগ ও গাছের রোগমুক্তির উপায় নির্দেশের কাজে ব্যবহার করা যাবে এই অ্যাপস। এতে গাছের রং ও গাছের পাতার রঙের ওপর ভিত্তি করে রোগের সাধারণ কিছু ধরন ও লক্ষণ পাওয়া যাবে, যার মাধ্যমে কৃষক তাঁর গাছের রোগ সম্পর্কে সহজেই বুঝতে পারবেন। সে অনুযায়ী পরামর্শ-সহায়তাও পাওয়া যাবে অ্যাপসটিতে।
নর্দান বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিভাগে ‘স্টাইল গেম’ শিরোনামে রুবেল সরকারের আরও একটি ভিন্নমাত্রার ধারণাপত্র নির্বাচিত হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে মানুষের মধ্যে সৃষ্টি হবে ফ্যাশন সচেতনতা। সব বয়সের মানুষের পোশাক-পরিকল্পনা পাওয়া যাবে এতে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রবেশ করিয়ে (উচ্চতা, ওজন, শরীরের রং) ওকে বোতাম চাপলেই শারীরিক গড়ন অনুযায়ী পাওয়া যাবে বিভিন্ন ধরনের পোশাক পরিকল্পপনা। ধারণাপত্রের বর্ণনায় রুবেল বলেন, অ্যাপসটি ব্যবহার করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের তরুণেরা ফ্যাশন-সচেতন হয়ে উঠবেন, যেটি ব্যক্তিপর্যায়ে রুচিবোধ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গ্রুমিং সেশনের প্রথম ধাপে অ্যাপসের মান উন্নয়ন এবং প্রকল্প উপস্থাপনা শেষে ১৫টি দলকে নির্বাচন করা হবে। দ্বিতীয় ধাপে একই রকমভাবে নির্বাচন করা হবে ১০টি দল। সর্বশেষ ধাপে নির্বাচন করা হবে প্রথম তিন বিজয়ীকে। এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতা চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত।