এবার আরও জাঁকালো হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড
আগামী বছরের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক চার দিনের আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’। দ্বিতীয়বারের মতো সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই আয়োজন করছে। গতবারের তুলনায় এবার আরও জাঁকালো অনুষ্ঠান করার কথা জানিয়েছেন আয়োজকেরা।
ডিজিটাল ওয়ার্ল্ডের এবারের আয়োজন সম্পর্কে জানাতে আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ প্রমুখ।
আয়োজনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘গত বছর আমরা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪ আয়োজন করেছি। তবে তার পূর্বে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২, ই-এশিয়া ২০১১ সফলতার সাথে আয়োজন করেছি। সে অভিজ্ঞতা নিয়েই আমাদের এবারের আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫। এবারের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকবেন।
শ্যামসুন্দর সিকদার বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে ডিজিটাল ওয়ার্ল্ডের মতো এ রকম আয়োজনের প্রয়োজন। সে ধারাবাহিকতায় সরকার ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন করে আসছে। গতবারের মতো এবারও বেসিসসহ বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে সরকারি-বেসরকারি যৌথভাবে ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন করা হবে।
বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, গতবারের চেয়ে এবার আরও বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন করা হচ্ছে। ডিজিটাল ওয়ার্ল্ড বাংলাদেশকেই ব্র্যান্ডিং করবে।
বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ বলেন, গতবারের চেয়েও এবার আরও জমকালো উৎসবে পরিণত করা হবে এবারের ডিজিটাল ওয়ার্ল্ড। এবার ডিজিটাল ওয়ার্ল্ডে বিপিও কনফারেন্স ও পৃথক বিপিও এক্সপো জোন তৈরি করা হচ্ছে। এ ছাড়াও নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড বা এনটিএফ-৩ প্রকল্পের আওতায় বিদেশি সফটওয়্যার কোম্পানির সঙ্গে বিটুবি ম্যাচমেকিং মিটিং আয়োজন এবং বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে একটি ইনভেস্ট সামিট আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশের ই-বাণিজ্যের প্রসারের ধারাবাহিকতায় এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে প্রথমবারের মতো আলাদাভাবে ‘ই-কমার্স জোন’ থাকবে।