এবার আরও বেশি শক্ত ইস্পাত

অ্যালুমিনিয়াম থেকে অত্যন্ত শক্ত কিন্তু হালকা ওজনের ইস্পাত বা সংকর ধাতু তৈরি করতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন। কিন্তু একটি সমস্যার কারণে তাঁরা এগোতে পারছিলেন না। দক্ষিণ কোরিয়ার একদল বিজ্ঞানী এবার সেই সমস্যার জট খুলতে পেরেছেন। নেচার সাময়িকীতে তাদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
জাহাজের কনটেইনার থেকে শুরু করে আকাশচুম্বী অট্টালিকা এবং টারবাইন বা ঘূর্ণযন্ত্র তৈরিতে এই আধুনিক যুগেও সেই পুরোনো ইস্পাতের ওপর নির্ভর করতে হয়। কিন্তু বিজ্ঞানীদের বর্তমান সাফল্যে ইস্পাতকে আরও উন্নত, আরও হালকা এবং আরও শক্তিশালী রূপ দেওয়া সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পোহাং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল বিজ্ঞানী বলেছেন, তাঁরা ইস্পাত প্রযুক্তির উন্নয়নে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন। তৈরি করেছেন নতুন একধরনের নমনীয়, অতি শক্ত ও হালকা ইস্পাত। এই ধাতব উপাদানটির ওজন অনুপাতে শক্তির পরিমাণ টাইটেনিয়ামের সংকর উপাদানের সমান। কিন্তু ১০ ভাগের ১ ভাগ খরচেই নতুন ইস্পাতটি তৈরি করা যেতে পারে।
গবেষক দলটির প্রধান হ্যানসু কিম বলেন, হালকা হওয়ার কারণে তাঁদের তৈরি নতুন ইস্পাতটি মোটরগাড়ি ও উড়োজাহাজ তৈরির কাজে ব্যবহারের বিশেষ উপযোগী। এটি অনেক বেশি বাঁকানো হলেও ভাঙে না।
নতুন ধরনের ইস্পাত তৈরির লক্ষ্যে বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই কাজ করছেন। ১৯৭০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের একদল গবেষক দেখতে পান, ইস্পাত তৈরির সময় অ্যালুমিনিয়াম মিশিয়ে দিলে অত্যন্ত শক্ত ও হালকা একধরনের ধাতু তৈরি হয়। কিন্তু এভাবে উৎপাদিত ধাতুটি অত্যন্ত ভঙ্গুর প্রকৃতির হওয়ায় যথেষ্ট পরিমাণে বাঁকানোর সুযোগ নেই।
বিজ্ঞানীরা শিগগিরই সমস্যাটা বুঝতে পারলেন: অ্যালুমিনিয়ামের ইস্পাত বা সংকর ধাতু তৈরি করার সময় তাঁরা মাঝে মাঝে অ্যালুমিনিয়াম ও লোহার পরমাণু একীভূত করে ফেলছিলেন। এতে বিটু নামের একধরনের কঠিন ও স্ফটিক-স্বচ্ছ কাঠামো তৈরি হয়। আর বিটুর গঠন শক্ত হলেও ভঙ্গুর। কিন্তু কিম ও তাঁর সহযোগী গবেষকেরা ওই সমস্যার একটি সমাধান বের করেছেন। কিম বলেন, ‘প্রথমে আমার ধারণা ছিল, যদি কোনোভাবে এসব বিটু স্ফটিকের গঠনপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারি—হয়তো উপাদানটিকে ইস্পাত থেকে আলাদা করে দেওয়া সম্ভব হবে।
বিজ্ঞানীরা হিসাব করে দেখেন, ছোট্ট বিটু স্ফটিকগুলোকে যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায়, উৎপাদিত ইস্পাতটির ভঙ্গুরতা রোধ করা যাবে। কিম ও তাঁর সহযোগীরা বিটু স্ফটিকের উৎপাদন বন্ধ করতে বছরের পর বছর ধরে ওই প্রক্রিয়া প্রয়োগের চেষ্টা চালান। তাঁরা একপর্যায়ে দেখতে পান, সামান্য পরিমাণে নিকেল যোগ করলে ইস্পাতের মধ্যে বিটু উৎপাদন আরও কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। কারণ, নিকেলের উপস্থিতিতে স্ফটিক উপাদানগুলো তৈরি হতে অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়।
কিম ও তাঁর সহযোগীরা স্বল্প পরিসরে নতুন ইস্পাতটি তৈরি করেছেন। কিন্তু এটির ব্যাপক উৎপাদনের ব্যাপারে গবেষকদের নতুন করে ভাবতে হবে। বর্তমানে ইস্পাত উৎপাদনকারীরা ব্যাপক পরিমাণে ইস্পাত তৈরির সময় বায়ুদূষণ প্রতিরোধের জন্য সিলিকেটের একটি স্তর ব্যবহার করেন। কিন্তু কিমের ইস্পাত তৈরিতে সিলিকেট ব্যবহার করা যাবে না। কারণ শীতলীকরণের সময় এটি অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে পারে। এতে উৎপাদিত ইস্পাতের গুণাগুণ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
নতুন ইস্পাতটির ঘনত্ব স্বাভাবিক ইস্পাতের চেয়ে ১৩ শতাংশ কম। তবে শক্তি বিবেচনায় এটি টাইটেনিয়ামের ইস্পাতের প্রায় সমান। ব্যাপারটাকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন কিম। তিনি আশা করছেন, বিটু পৃথক্করণের প্রক্রিয়ায় বিজ্ঞানীরা ব্যাপক পরিমাণে ইস্পাত উৎপাদনের প্রক্রিয়ায়ও নতুনত্ব আনতে পারবেন।
সূত্র: পপুলার মেকানিকস