এবার আসছে অ্যাপলের স্ট্রিট ভিউ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালিফোর্নিয়ার রাস্তায় দেখা যাচ্ছে অ্যাপলের গাড়ি
ক্যালিফোর্নিয়ার রাস্তায় দেখা যাচ্ছে অ্যাপলের গাড়ি

গাড়ির মাথার ওপরে ক্যামেরা বসিয়ে এবার রাস্তায় ঘুরছে অ্যাপলের গাড়ি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ ধরনের গাড়ির ঘোরাফেরা দেখে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগলের স্ট্রিট ভিউয়ের মতো অ্যাপলও নিজস্ব ম্যাপিং কর্মসূচি শুরু করেছে। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মিনিবাসের মতো অ্যাপলের এই গাড়িগুলোর ওপর বসানো রয়েছে লিডার সেন্সর যা লেজার প্রযুক্তির মাধ্যমে দূর থেকে বস্তুর দূরত্ব মেপে বস্তু শনাক্ত করে থাকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোটর গাড়ি বিভাগ বিশেষ একটি পরীক্ষার জন্য অ্যাপল ব্যবহার করছে বলে স্বীকার করেছে। গাড়িগুলো কী কাজ করছে তা জানাতে জানাতে চাইছেন না এর চালকেরা।
নতুন আইফোন ও আইপ্যাডের সঙ্গে নতুন ম্যাপিং সেবা চালু করতে পারে অ্যাপল। আইওএস ৯ চালিত পণ্যে এই স্ট্রিট ভিউ সুবিধা যুক্ত করতে পারে বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন।
২০০৭ সালে গুগল প্রথম স্ট্রিট ভিউ চালু করে। চালকদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সুবিধার্থে এবং গন্তব্য সম্পর্কে তথ্য জানতে এই স্ট্রিট ভিউ কাজে লাগানোর পরিকল্পনা থেকে গুগল এই প্রকল্প চালু করে। গুগলের চালকবিহীন গাড়ি প্রযুক্তির সাহায্যে বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে গুগল স্ট্রিটভিউ সুবিধা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গুগল এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি পরিচালক অ্যান লাভিন বলেন, ‘এটা একটি নতুন মাধ্যম, যেটি ব্যবহার করে ঠিকানা খুঁজে পাওয়ার কাজটি অনেক সহজে হয়ে যাবে। দেশি ও বিদেশি পর্যটকদের জন্য এটি খুবই আকর্ষণীয় হবে।’
সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পরিচালক কবীর বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব খোরশেদ আলম চৌধুরী, এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশ মিশনের পরিচালক জানিনা জারুজেলেস্কিসহ অনেকে।
গুগলের এই কার্যক্রমে ৬৬তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। এ কার্যক্রমের সহযোগী ছিল এটুআই। ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এখন গুগল স্ট্রিটভিউতে ঢাকা ও চট্টগ্রামের পথের ছবি দেখা যাবে।
একই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ স্ট্রিট ভিউ ট্রেকার এবং ওয়্যারেবল ব্যাকপ্যাক নামে আরও দুটি সুবিধা চালু করেছে গুগল। যেগুলোর মাধ্যমে লোকজন কম চলাচল করে এমন রাস্তার খোঁজ ও ছবি পাওয়া যাবে এখানে। ব্যাকপ্যাক ব্যবহার করে হেঁটে হেঁটে যেকোনো রাস্তার চারদিকের ছবি তোলা যাবে।
গুগল স্ট্রিট ভিউয়ের বিস্তারিত: www. google. com/maps/about/behind-the-scenes/streetview