এবার আসছে ইন্টেলের নতুন চিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষপ্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন এবার নিয়ে এসেছে মাইক্রোপ্রসেসরের নতুন ধরনের চিপ। চিপের বাজারে আধিপত্য ধরে রাখতে এবং প্রতিযোগী চিপ নির্মাতা-প্রতিষ্ঠান এএমডির তুলনায় নিজেদের অবস্থান ধরে রাখতে গত মঙ্গলবার তারা নতুন এই চিপ বাজারে আনার ঘোষণা দেয়। নতুন এই চিপের নকশা করা হয়েছে মূলত কম্পিউটার সার্ভার ও উচ্চক্ষমতার পিসির কথা মাথায় রেখে। সাম্প্রতিক সময়ে ল্যাপটপ ও পিসির প্রসেসরে ইন্টেল ছোট আকারের যেসব ট্রানজিস্টর ব্যবহার করেছিল সে ধরনের ট্রানজিস্টর প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সার্ভার কম্পিউটারের প্রসেসরে। এতে করে এ ধরনের চিপে চলা কম্পিউটারগুলো বিদ্যুত্ সাশ্রয়ের পাশাপাশি অধিক কার্যকর হবে জানায় ইন্টেল কর্তৃপক্ষ। সার্ভারের প্রসেসরের জিওন এবং ডেস্কটপের কোর আই৭ সিরিজে এ প্রসেসরগুলো বাজারে আসবে। ইন্টেল আশা করছে সার্ভার কম্পিউটার এবং বিনোদন ও গেম পিসির বাজারে এগুলো নতুন মাত্রা যোগ করবে। ইন্টেলের সার্ভার বিভাগের মহাব্যবস্থাপক বয়েড ডেভিস জানান, এখন যত সার্ভার আছে এগুলোর এক-তৃতীয়াংশের প্রসেসর চার বছর বা তার বেশি পুরোনো। আর এখানেই নতুন প্রসেসরের বাজার সম্প্রসারণের প্রত্যাশা করছে তারা। ইন্টেলের নতুন প্রসেসর বাজারে আসার পরিপ্রেক্ষিতে তাদের পণ্যেও পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এএমডি সার্ভারের মহাব্যবস্থাপক প্যাট্রিক প্যাটলা জানান, পারফরমেন্স আর গতির বিবেচনায় চিপের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী পরিবর্তনের পথে আছে এএমডি। ২০০৯-এ যা ছিল সে তুলনায় এ বছর একেবারে রাতারাতি পরিবর্তন নিয়ে নতুনভাবে আসছে এএমডির সার্ভার প্রসেসর। বর্তমানে বিশ্বের প্রতি ১০টি সার্ভারের নয়টিই চলে ইন্টেলের প্রসেসরে। তবে ইন্টেল আর এএমডির দৌড় দেখে বোঝা যায়, আর যাই হোক এ বছর সার্ভারের প্রসেসরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এএমডির নতুন চিপ বাজারে আসবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। দেখা যাক, প্রতিযোগিতার দৌড়ে ইন্টেল থেকে এগিয়ে যেতে পারে কি না এএমডি। —রয়টার্স অবলম্বনে জাবেদ সুলতান