এবার আসছে গ্যালাক্সি নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং সম্প্রতি সম্পূর্ণ নতুন ধরনের এক স্মার্টফোন তৈরি করেছে। কর্তৃপক্ষের দাবি, বাজারে এত দিন শুধু ট্যাবলেট কম্পিউটার এবং স্মার্টফোনই ছিল। এবার ট্যাবলেট ও স্মার্টফোন—এ দুটি যন্ত্রের সমন্বিত একটি রূপ দেওয়া হয়েছে। সম্পূর্ণ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত নতুন এ যন্ত্রের নাম দেওয়া হয়েছে ‘গ্যালাক্সি নোট’। এতে রয়েছে ৫.৩ ইঞ্চি হাই ডেফিনিশন (এইচডি) ডিসপ্লে এবং এস পেন স্টাইলাস। শুধু তা-ই নয়, এ ডিভাইসে আরও আছে ১.৪ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ মেগাপিক্সেল পেছনের এবং ২ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। আরও আছে ওয়াই-ফাই, ব্লু টুথ ৩.০, জিপিএস, টাচউইজ ৪.০ ইউজার ইন্টারফেস-সুবিধা। স্যামসাং পক্ষ আরও দাবি করেছে, এই নতুন গ্যালাক্সি নোট সহজেই ব্যবহারকারীদের শার্টের পকেটে স্থান করে নেবে। উল্লেখ্য, স্যামসাং অতি সম্প্রতি ইউরোপের বৃহত্তম ইলেকট্রনিক মেলা বার্লিনের আইএফএতে ‘গ্যালাক্সি নোট’ ও ‘গ্যালাক্সি ট্যাব ৭.৭’ নামের দুটি ডিভাইসের ঘোষণা দিয়েছিল এবং ওই দুটি থেকে গ্যালাক্সি ট্যাবের নতুন সংস্করণ ‘গ্যালাক্সি ট্যাব ৭.৭’ ইতিমধ্যেই জার্মানির নিষেধাজ্ঞার কবলে পড়েছে। স্যামসাংয়ের এই গ্যালাক্সি নোট কবে বাজারে আসবে এবং এর দাম কত হবে, সে ব্যাপারে কর্তৃপক্ষ কোনো রকম আভাস দেয়নি। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে প্রদীপ সাহা