এবার আসছে মিল্কি ওয়ে!

বর্তমানে বাজারে থাকা অ্যান্ড্রয়েড ললিপপের পরবর্তী সংস্করণ হিসেবে ‘অ্যান্ড্রয়েড এম’ এর ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছে গুগল। কিন্তু এই ‘এম’ এর অর্থ কী? গুগল তাদের এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির কী নাম দেবে এবং কোন কোন ফোনে তা সমর্থন করবে?
গত ২৮ মে গুগল আই/ও সম্মেলনে অ্যান্ড্রয়েড এম সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ করেছিল গুগল। তবে এই সংস্করণটির এখনো কোনো নাম ঠিক করেনি প্রতিষ্ঠানটি। ললিপপের পরবর্তী এই সংস্করণটিকে অনেকেই ম্যাকাডামিয়া নাট কুকি বলে ডাকছেন। তবে গুগল হয়তো ‘এম’ অক্ষর দিয়ে আরও সুপরিচিত কোনো নাম বেছে নিতে পারে। সেক্ষেত্রে ‘মিল্কি ওয়ে’ নামটি বেছে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বিশেষ বৈচিত্র্য রাখে গুগল। এর আগে জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট ও ললিপপের মতো নাম দিয়েছে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণের। এ বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন সংস্করণের ঘোষণা দেবে গুগল।
গুগল কর্তৃপক্ষ দাবি করেছে, অ্যান্ড্রয়েডের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হবে এম। এর হালনাগাদ সংস্করণে বেশকিছু ফিচার উন্নত করা হবে। তবে এই পরিবর্তন এত সূক্ষ্ম হবে যে ব্যবহারকারীরা এর খুব বেশি পার্থক্য ধরতে পারবেন না। এর মধ্যে একটি হচ্ছে ব্যাটারির আয়ু বাড়ানো। এ ছাড়া নতুন সংস্করণে আধুনিক ইউএসবি কানেক্টর ইউএসবি-সি সমর্থন করবে। এতে বর্তমান সময়ের মাইক্রোইউএসবি চার্জারের চেয়ে পাঁচগুণ দ্রুতগতিতে চার্জ দেওয়া যাবে।
অ্যাপ ইনস্টল করার অনুমোদন পদ্ধতিটি আরও সহজ হবে। এ ছাড়াও, অ্যান্ড্রয়েড এমের মাধ্যমে গুগল নাউ নামের ব্যক্তিগত সহকারী সফটওয়্যারটিও উন্নত হচ্ছে। পাশাপাশি ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে বেশ কিছু উন্নত ফিচারও যুক্ত করছে গুগল।
গুগলের অ্যান্ড্রয়েড এমের ডেভেলপার প্রিভিউ ইতিমধ্যে গুগলের নেক্সাস ৫ ও ৬ হ্যান্ডসেট, নেক্সাস ৯ ট্যাব ও নেক্সাস প্লেয়ারে ব্যবহার করা যাচ্ছে। এ ছাড়া সনির নির্দিষ্ট কিছু পণ্যেও এটি পাওয়া যাবে। ৯ জুলাই গুগল দ্বিতীয় যে প্রিভিউ উন্মুক্ত করেছে তাতে কিছু বাগ বা ত্রুটি ঠিক করার পাশাপাশি ইন্টারফেসে কিছু পরিবর্তন এনেছে। অ্যান্ড্রয়েড এমের চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করার আগে আরও একটি প্রিভিউ সংস্করণ আনতে পারে গুগল।
ঠিক কবে নাগাদ চূড়ান্ত সংস্করণ আসবে সে বিষয়ে গুগল কিছু না বললেও বিশ্লেষকেরা বলছেন, সেপ্টেম্বরে উন্মুক্ত হতে পারে এটি। শুরুতে নেক্সাস ডিভাইসগুলো এই হালনাগাদ সংস্করণ পাবে। এ ছাড়া সনির ডিভাইসেও এটি আগেভাগে আসবে। এরপর আর কোনো ব্র্যান্ডের মোবাইলে নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড আগে দেওয়া হবে সে বিষয়ে গুগল কোনো তথ্য জানায়নি। (টেলিগ্রাফ)