এবার আসছে স্মার্ট হেডফোন

এবার আসছে আধুনিক প্রযুক্তি সুবিধার নতুন স্মার্ট হেডফোন। কোনো ধরনের যন্ত্র ছাড়াই সরাসরি যাতে ক্লাউড স্টোরেজ থেকে গান শোনা যায় সে সুবিধা নিয়েই বাজারে আসছে বিশেষ এ স্মার্ট হেডফোন। বিভিন্ন ধরনের স্মার্টযন্ত্র নির্মাতাপ্রতিষ্ঠান কিকস্টার্টার সম্প্রতি তারহীন এ স্মার্ট হেডফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। নতুন এ প্রযুক্তি সুবিধার হেডফোনটি প্রযুক্তিজগতের নতুন এক উদ্ভাবন বলে মনে করা হচ্ছে। ‘স্ট্রিমজেড’ নামের এ হেডফোনটির জন্য আলাদা কোনো যন্ত্র লাগবে না। এটিকেই বিশ্বের প্রথম স্মার্ট হেডফোন বলা হচ্ছে। এতে সংযুক্ত থাকছে ওয়াই-ফাই সুবিধার অ্যান্ড্রয়েড মিউজিক সুবিধা থাকছে। এর ফলে চাইলে সরাসরি হেডফোন থেকেই গান শুনতে পারবেন ব্যবহারকারীরা।
সাধারণত হেডফোন ব্যবহার করে গান শোনার ক্ষেত্রে প্লেয়ার হিসেবে অন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয়। তারযুক্ত হেডফোনের পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে চালিত স্মার্টফোনের তারবিহীন হেডফোনও ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত বিশেষ হেডফোন বাজারে আসছে। নতুন হেডফোন একটি মিউজিক যন্ত্র হিসেবেই কাজ করবে। থাকবে ৪ থেকে ৩৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা। এটি ব্যবহারের মাধ্যমে প্যানডোরা ও স্পটিফাইয়ের মিউজিক স্টোর থেকেও গান শোনা যাবে।
গুগলের ভয়েস কমান্ড সমর্থিত এ হেডফোন দিয়ে ‘সার্চ ফর মিউজিক’ কিংবা ‘স্কিপ ট্র্যাক’ সুবিধাগুলোও ব্যবহার করা যাবে। ৪ গিগাবাইটের হেডফোন ২৯৯ ডলারে, ২০ গিগাবাইটের হেডফোন ৩৪৯ ডলার এবং ৩৬ গিগাবাইটের হেডফোন ৫৪৯ ডলারে পাওয়া যাবে বলে জানা গেছে। তবে শুরুতে প্রায় ৩০০ ডলারের মিউজি স্টোর থেকে বিনা মূল্যে সংগীত শোনার সুবিধা দেবে কিকস্টার্টার। ঠিক কবে নাগাদ হেডফোনটি বাজারে আসবে তা জানা যায়নি। —ইএনগ্যাজেট ও ইয়াহু নিউজ অবলম্বনে কাজী আলম