সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নানা সুবিধা নিয়ে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভোডাফোন নতুন মোবাইল ফোন বাজারে ছেড়েছে। ভোডাফোন ব্লু নামের এ ফোনটিতে শুধু ফেসবুক ব্যবহারের জন্য নির্ধারিতভাবে ফেসবুক বোতাম যুক্ত করা আছে। ফেসবুক ফোন হিসেবে পরিচিত করতেই ফেসবুকের আদলে নানা ধরনের সুবিধা যুক্ত হয়েছে ফোনটিতে। এর ফলে সামাজিক যোগাযোগের সব সুবিধা খুব সহজেই পাবেন ব্যবহারকারীরা। এর বার্তা লেখা ও ফোনবুকটিও ফেসবুকের আদলে করা। ওয়েবসাইট দেখার সফটওয়্যার ওপেরা মিনি ৫ রয়েছে এ ফোনটিতে, যার মাধ্যমে সহজে ফেসবুক ব্যবহার করা যাবে। মূল স্ক্রিনে রয়েছে একটি অ্যাপস, যার মাধ্যমে বন্ধুদের ফেসবুক হালনাগাদ জানা যাবে দ্রুত। আছে প্রতিটি বাটনে এবং পুরো ফোনে ফেসবুকের বিভিন্ন আয়োজন। এ ছাড়া ফোনটিতে রয়েছে ২ দশমিক ৪ ইঞ্চি পর্দা, দুই মেগাপিক্সেল ক্যামেরা, লেখার উপযোগী কিপ্যাড, এফএম রেডিও সুবিধা ইত্যাদি। পাশাপাশি থ্রিজি ও ওয়াইফাই সমর্থনও রয়েছে এতে।—টাইমস অব ইন্ডিয়া