এবার কি 'ফেসটিউব'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক পেজে এবার ভিডিও রাখার সুবিধা যোগ করছে। ফলে ভিডিও দেখার বৈশিষ্ট্য ব্যবহার করে ফেসবুক পেজে ভিডিও চ্যানেল চালু করা যাবে। এটি ভবিষ্যতে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের জন্য হুমকি হিসেবেও ধরা হচ্ছে। মূলত ব্যবসায়িক চিন্তা থেকে ফেসবুকের এমন উদ্যোগ বলে জানা গেছে।

নতুন এ সুবিধা অনুযায়ী ফেসবুক পেজেই যুক্ত হবে ভিডিও ট্যাব। এটি ইউটিউব চ্যানেলের মতো করেই ব্যবহার করা যাবে। ইতিমধ্যে এ সুবিধাটি কয়েকটি জনপ্রিয় গণমাধ্যম ও অন্যান্য ফেসবুক পেজে চালু করেছে ফেসবুক। সার্চ ইঞ্জিন গুগলের মতো করে ফেসবুকও বর্তমানে টিভি দেখা, ভিডিও দেখা থেকে শুরু করে অন্য সেবাগুলো এক জায়গায় অর্থাৎ ফেসবুকেই দিতে আগ্রহী হয়ে উঠেছে। এর মূল কারণ হিসেবে ইন্টারনেট বিশেষজ্ঞরা জানান, ইন্টারনেট দুনিয়ায় নিজেদের অবস্থান শীর্ষে রাখতে ফেসবুক গুগলের মতো সব সুবিধা দিতে চাইছে।
প্রাথমিকভাবে ফেসবুকের পেজগুলোতে ভিডিও বৈশিষ্ট্য যুক্ত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবেই। এতে প্লেলিস্ট, টাইটেল, ভিডিওর সময়, লাইক, ভিউ সংখ্যা ইত্যাদি ইউটিউব ভিডিওর মতোই দেখা যাবে। ফেসবুকে ছবির অ্যালবামের মতো করেই ভিডিও দেখার সুবিধা থাকছে। গত বছর থেকেই ভিডিও সেবার ওপর জোর দেওয়া শুরু করে ফেসবুক। শুরুতে ভিডিও অটো প্লে সুবিধা চালু হয় এবং এর পরেই অটো প্লে ভিডিও বিজ্ঞাপন চালু করা হয়।
চলতি বছরের মে মাস থেকে জুন পর্যন্ত প্রতি মাসেই ফেসবুকে ভিডিও দেখার হার বেড়েছে ৫০ শতাংশ। এ ছাড়া গত সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুকে প্রতিদিন ভিডিও দেখার সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।

—টেক ক্র্যাঞ্চ অবলম্বনে কাজী আলম