এবার কৃত্রিম রক্তের বাণিজ্যিক উৎপাদন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবদেহে জৈব রক্তের সঞ্চালন অব্যাহত রাখতে এই কৃত্রিম রক্ত ব্যবহারের পরিকল্পনা চলছে। মুমূর্ষু রোগীদের প্রাণহানি এড়ানো সম্ভব হবে। স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রচেষ্টায় গবেষকেরা ইতিমধ্যে সফল হয়েছেন।

এবার কৃত্রিম রক্তের বাণিজ্যিক উৎপাদন
এবার কৃত্রিম রক্তের বাণিজ্যিক উৎপাদন

তাঁদের পরনে সাদা পোশাক। মানুষের কৃত্রিম রক্ত ও হাড় তৈরির কাজে ব্যস্ত তাঁরা। শিল্পপ্রতিষ্ঠানে এমন উৎপাদন-প্রক্রিয়া জন্ম দিতে পারে ভীতিকর অনুভূতি। কারও কারও মনে হতে পারে এটি বিজ্ঞান কল্পকাহিনি। কিন্তু গবেষকদের দাবি, বাস্তবে একদিন এমনটিই দেখা যাবে, বাণিজ্যিকভাবে তৈরি হবে কৃত্রিম রক্ত।
মানুষের কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরিতে আধুনিক গবেষণায় অনেক সাফল্য এসেছে। একই সঙ্গে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারের সাহায্যে বিভিন্ন জিনিসের প্রতিরূপ উৎপাদন প্রযুক্তিরও অভাবনীয় বিকাশ ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই দুইয়ে মিলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মানুষের রক্ত ও হাড় উৎপাদন সম্ভব হবে—এমন ভাবনা অবান্তর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ কমে এসেছে। তবে বিপুল পরিমাণে কৃত্রিম রক্ত ও হাড় মানবদেহে প্রতিস্থাপনের পরীক্ষা চালানোর বিষয়টিকেই এগুলো উৎপাদনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করা হয়। স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম রক্ত ও অঙ্গপ্রত্যঙ্গ মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হলেই এসবের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
যুক্তরাজ্যের একদল গবেষক সেই সম্ভাবনা জোরালো বলেই মনে করছেন। দেশটির ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় মানবদেহে কৃত্রিম রক্ত প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন গবেষক মার্ক টার্নার।
টার্নারের নেতৃত্বে একদল গবেষক ইতিমধ্যে তৈরি করেছেন মানবদেহে স্থানান্তরের উপযোগী লোহিত রক্তকণিকা। স্টেম সেল থেকে লোহিত রক্ত কণিকা তৈরিতে টার্নার একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। এতে প্রথমে মানুষের শরীরের কোষ থেকে স্টেম সেল তৈরি করা হয়। মানবদেহের অনুরূপ জৈবরাসায়নিক বৈশিষ্ট্যের ওই স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরি করা হয়। টার্নার বলেন, মানবদেহের উপযোগী রক্ত তৈরির পরীক্ষা আগেও অনেক হয়েছে। তবে তাঁরা প্রথমবারের মতো মানুষের শরীরের জন্য নিরাপদ রক্ত তৈরি করতে সমর্থ হয়েছেন। এটি প্রয়োজনে মানুষের শরীর থেকে অপসারণ করা যাবে।
টার্নার ও তাঁর সহযোগীরা ২০১৬ অথবা ২০১৭ সালের শুরুতেই গবেষণাটি সম্পন্ন করার পরিকল্পনা করছেন। এই পরীক্ষায় তিনজন থ্যালাসেমিয়া রোগীর শরীরে কৃত্রিম রক্ত প্রতিস্থাপন করা হবে। পরে তাঁদের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের শরীরে কিছুদিন পরপরই রক্ত পরিবর্তন করতে হয়।
টেলিগ্রাফ।