এবার গাড়িতেও যুক্ত হচ্ছে ব্ল্যাক বক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজের মতো গাড়িতেও এবার যুক্ত হতে যাচ্ছে ব্ল্যাক বক্স। গাড়ি কখনো দুর্ঘটনায় পতিত হলে এর মাধ্যমে তার কারণ খুঁজে পাওয়া অনেক সহজ হবে। চালকের আচার-আচরণের বিস্তারিত বিবরণও এতে লিপিবদ্ধ থাকবে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল গাড়ির জন্য এই ব্ল্যাক বক্স তৈরিতে হাত দিয়েছে। গাড়িতে লাগানো ব্ল্যাক বক্সগুলো তারবিহীন প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকবে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাবিষয়ক বিভিন্ন ভিডিও ফুটেজ ও তথ্য ব্ল্যাক বক্সের মাধ্যমে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট বিমা কর্তৃপক্ষের কাছে চলে যাবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারায় ইন্টেল এক প্রদর্শনীর মাধ্যমে এ ধরনের ব্ল্যাক বক্স জনসমক্ষে নিয়ে আসে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও বিমাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইন্টেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিশ্বব্যাপী এই প্রযুক্তির ব্যাপক বিস্তারের ব্যাপারে ইন্টেল আশাবাদী। ইন্টেলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জাস্টিন রেটনারের ভাষায়, ‘গাড়িতে ব্ল্যাক বক্স যুক্ত করা গেলে তা সড়কে নিরাপত্তার মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। ব্ল্যাক বক্স যুক্ত থাকায় গাড়ির চালকেরাও আগের চেয়ে অধিকতর সতর্কভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন।’ সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করে এ রকম আরও বেশ কিছু প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টাও ইন্টেল করে যাচ্ছে বলে তিনি জানান। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে ইন্টেল আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে গাড়ির জন্য উদ্ভাবিত ইন্টেলের এই ব্ল্যাক বক্স প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস লক্ষ করা গেছে বিমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। কারণ, দুর্ঘটনার উৎস অনুসন্ধান সহজ হয়ে যাওয়ায় তাদের পরিশ্রম অনেকাংশেই হ্রাস পাবে। যুক্তরাজ্যের বিমা প্রতিষ্ঠানসমূহের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ব্রিটিশ ইনসিওরারস’-এর একজন মুখপাত্র জানান, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও বিমার দাবি পরিশোধ করতে এখন যে বিলম্ব হয় ব্ল্যাক বক্স প্রযুক্তি তা উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করবে। আমরা সব সময়ই এ ধরনের প্রযুক্তিকে স্বাগত জানাই।’ —ডেইলি টেলিগ্রাফ অবলম্বনে সুজয় দাস