এবার গুগলের স্মার্ট কনট্যাক্ট লেন্স

রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপের জন্য এবার বিশেষ ‘স্মার্ট কনট্যাক্ট লেন্স’ তৈরির উদ্যোগ নিয়েছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। রোবট থেকে শুরু করে নতুন যন্ত্রপাতি, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, গুগল গ্লাস ইত্যাদির পর এবার চিকিৎসা যন্ত্রপাতি নির্মাণে যুক্ত হচ্ছে গুগল। কাজটি শুরু হতে যাচ্ছে স্মার্ট কনট্যাক্ট লেন্স তৈরির মাধ্যমে। চোখের পানি পরীক্ষার মাধ্যমে গ্লুকোজ পরিমাণ জানার ক্ষেত্রে এ লেন্স ব্যবহার করা যাবে।
গুগল জানিয়েছে, লেন্সটির দুই স্তরের মাঝখানে ক্ষুদ্র একটি তারহীন চিপ বসানো হয়েছে। চিপে যুক্ত করা হয়েছে ছোট একটি গ্লুকোজ সেন্সর। এটিই গ্লুকোজের মাত্রা দেখে ফলাফল দেখাবে। এ লেন্সটিকে আরও ব্যবহার-উপযোগী করতে এলইডি (লাইট এমিটিং ডায়োড) প্রযুক্তি যোগ করা হতে পারে বলেও জানা গেছে। ফলে ব্যবহারকারীর অশ্রুতে গ্লুকোজের পরিমাণ একটি নির্দিষ্ট পর্যায়ে এলে আলোর বিশেষ সংকেত দেবে।
বর্তমানে গ্লকোজ মাপার কাজটি রোগীর হাতের আঙুলের মাথা থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। গুগলের এ লেন্স এলে রক্ত নিতে হবে না। নতুন এ লেন্সটি ঠিক কবে বাজারে আসবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ লেন্সটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি নিয়ে চলছে নানা ধরনের পরীক্ষা বলে নিশ্চিত করেছে গুগল। এ জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য এবং মাদক নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজও করছে প্রতিষ্ঠানটি।
—বিবিসি অবলম্বনে কাজী আলম