এবার গ্যালাক্স নেক্সাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস গতকাল বুধবার তাদের নতুন স্মার্টফোন উদ্বোধন করেছে। স্মার্টফোনটি গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘আইসক্রিম স্যান্ডউইচ’ দিয়ে চলবে। অ্যাপলের আইফোনকে হারিয়ে দিতেই স্যামসাং গ্যালাক্সি নেক্সাস নামে এই স্মার্টফোন তৈরি করেছে। অ্যাপলের নতুন আইফোন ৪এস বাজারে আসার কয়েক দিন পরই এটি বাজারে আনল স্যামসাং। ১১ অক্টোবর আইফোন ৪এস বাজারে আসার কথা ছিল। কিন্তু অ্যাপলের প্রধান স্টিভ জবস মারা যাওয়ায় তা পিছিয়ে যায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক স্যামসাংয়ের মোবাইল কমিউনিকেশনস বিজনেসের প্রেসিডেন্ট জেকে শিন গতকাল হংকংয়ে নতুন স্মার্টফোনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘এ ধরনের একটি ফোন তৈরি করতে পেরে আমরা গর্বিত। আশা করছি এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে।’ নতুন এই ফোনে দ্রুত এবং সহজে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এতে রয়েছে উন্নতমানের ক্যামেরা ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি। আগামী নভেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় এই স্মার্টফোন পাওয়া যাবে। অ্যাপলের আইফোন ৪এস গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশের বাজারে ছাড়া হয়। ইতিমধ্যে এর বিক্রি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি মাসের শেষ নাগাদ এটি আরও ২২টি দেশের বাজারে ছাড়া হবে। চলতি বছরের শেষ নাগাদ ৭০টির বেশি দেশে অ্যাপল আইফোন ৪এস পাওয়া যাবে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান