এবার টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইভান উইলিয়ামসের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আওয়ার মাইন টিম নামের একটি হ্যাকার গ্রুপ উইলিয়ামসের অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে দাবি করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত সোমবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট হ্যাক হয়। গত বুধবার এই হ্যাকার গ্রুপটিই এসব অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে দাবি করেছিল। এক টুইটার পোস্টে তারা ওই দাবি করে। তবে এর কিছুক্ষণ পরই সেই পোস্টটি মুছে দেয় গ্রুপটি।
আওয়ার মাইন টিম নামের ওই হ্যাকার গ্রুপটির দাবি করেছিল, জাকারবার্গের টুইটার ও পিন্টারেস্ট অ্যাকাউন্ট হাতিয়ে নেয় তারা। টুইটার থেকে তারা জাকারবার্গের অন্যান্য অ্যাকাউন্টে ঢোকার সুযোগ পায়।
তখন ওই হ্যাকার গ্রুপটির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
জাকারবার্গের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হ্যাক নিয়ে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অবশ্য কীভাবে জাকারবার্গের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এ বিষয়টি কোনো প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। হ্যাকার গ্রুপটি দাবি করেছিল, কয়েক সপ্তাহ আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর হ্যাকার যে পাসওয়ার্ডগুলো ডার্ক ওয়েবে ছেড়েছিল, তা কাজে লাগিয়ে এ হ্যাক করা সম্ভব হয়েছে।
সম্প্রতি লিঙ্কডইন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট হ্যাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, প্রায় ১১ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি হয়েছে। যাঁদের পাসওয়ার্ড চুরি হয়েছে, তাঁদের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়াটি নিয়ে কাজ চলছে। যেসব অ্যাকাউন্টের ওপর প্রভাব পড়ছে, সেগুলো অচল করে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনে যেসব আইডি ও পাসওয়ার্ড ফাঁস হয়েছিল, এর মধ্যে ফেসবুকের প্রধান নির্বাহীর অ্যাকাউন্টও ছিল। এ ছাড়া জাকারবার্গ তাঁর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে একই পাসওয়ার্ড ব্যবহার করতেন।