এবার তৈরি হলো রোবট পিঁপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বেশ কয়েকটি রোবট পিঁপড়া তৈরি করেছেন। বিজ্ঞানীরা বলছেন, এসব পিঁপড়া সত্যিকারের পিঁপড়ার মতো আচরণ করে। তবে দেখতে এগুলো ঠিক আসল পিঁপড়ার মতো নয়। ছোট কিউবের মতো দেখতে এসব রোবট পিঁপড়ায় রয়েছে চাকাসহ দুটি করে মোটর। এই চাকার সাহায্যে পিঁপড়াগুলো চলাফেরা করে। এগুলো সত্যিকারের পিঁপড়ার মতো দলবদ্ধ হয়ে চলে।নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এসব রোবট পিঁপড়া তৈরি করেন। গবেষক দলের প্রধান সিমন গার্নিয়ার জানান, প্রতিটি পিঁপড়া দেখতে খুবই সুন্দর। তবে তাদের স্মৃতিভান্ডার খুবই সীমিত এবং ক্ষমতাও সীমিত। পিঁপড়াগুলো একসঙ্গে কাজ করতে পারে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। প্রতিটি পিঁপড়া আলাদাভাবেও চলাফেরা করতে পারে। পিঁপড়া রোবটগুলোকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে, যাতে একটি নির্দিষ্ট জিনিসকে তাদের লক্ষ্যবস্তু করে এবং সেদিকে এগিয়ে যায়। লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার পথে যাতে তারা সামনের প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে পারে, সেই প্রোগ্রামিংও করা হয়েছে।সিমন গার্নিয়ার জানান, প্রতিটি রোবট পিঁপড়ার মাথায় বসানো হয়েছে দুটি অ্যান্টেনা, যেখানে আলোর সেন্সর আছে। বাইরের আলো বাঁ সেন্সরের ওপর পড়লে পিঁপড়ারা বাঁ দিকে যায় আর ডানদিকে পড়লে ডানদিকে যায়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান