এবার থেকে দেওয়া হবে জাতীয় আইসিটি পুরস্কার
ঢাকায় ৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় চার দিনের তথ্যপ্রযুক্তিবিষয়ক বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’-এ দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে অবদানের জন্য জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পুরস্কার দেবে সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের জন্য দেওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের এক নৈশভোজে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি বলেন, ‘সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতে ১১টি বিভাগে ৪৯ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জাতীয় আইসিটি পুরস্কার দেবে। প্রতিবছরই এ পুরস্কার দেওয়া হবে।’ তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায়ও এ পুরস্কার দেওয়া হবে। সরকারের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের তত্ত্বাবধানে দেশের প্রান্তিক পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে তিনি জানান।
নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মাদ খানসহ অনেকে। —রাহিতুল ইসলাম