এবার দুটি ভিন্ন পর্দার আইফোন
এবার দুটি ভিন্ন পর্দার নতুন আইফোন বাজারে নিয়ে আসছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। আইফোন ৬ নামের এ স্মার্টফোন আগামী মে মাসের মধ্যে বাজারে আসতে পারে বলে ইতিমধ্যে গুজব শুরু
হয়েছে। চীনের খুদে ব্লগ লেখার সাইট ওইবোর তথ্য অনুযায়ী, আইফোন ৬-এর পর্দা হবে ৪.৭ ইঞ্চি ও ৫.৭ ইঞ্চি। থাকছে চোখের মনি শনাক্ত করার বায়োমেট্রিক প্রযুক্তির সুবিধা এবং টাচ আইডি স্ক্যানার। এমন সব সুবিধার আইফোনের পাশাপাশি এই আইফোন ফ্যাবলেটের (ফোন আর ট্যাবলেট কম্পিউটারের সুবিধা সমন্বয় করে তৈরি যন্ত্র)আকারেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
অন্য একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অ্যাপল ৬ ইঞ্চি পর্দার আইফোন তৈরির জন্য কাজ করছে। ৪.৭ ইঞ্চির আইফোনে যুক্ত হতে পারে তাইওয়ানের একটি সেমি-কন্ডাকটর নির্মাতা একটি প্রতিষ্ঠানের ২০এনএম প্রসেসর। আগামী মে মাসেই বাজারে ছাড়া হতে পারে এ আইফোনটি। এ ছাড়া আইফোন ৬-এ আরও থাকতে পারে ৬৪-বিট এ৮ প্রসেসর, দাগ পড়বে না, এমন স্যাফায়ার কাচ ইত্যাদি।
চার্জের ব্যাপারে এবার বিশেষ গুরুত্ব দিতেই যুক্ত হতে যাচ্ছে তারহীন চার্জিং সুবিধা। এ ছাড়াও থাকবে একটি সোলার প্যানেল। তবে নতুন এ আইফোন ৬-এর দাম কেমন হবে, সেটি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এ ছাড়া আইফোন ৬ আসলেই কতটা লাভজনক হবে, সেটি নিয়েও চলছে জল্পনা-কল্পনা। অনেক বেশি নতুন প্রযুক্তির সমন্বয় হলেও ঠিক বাজারে কতটা সাড়া জাগাতে পারবে আইফোন ৬, সেটি নিয়েও চিন্তা করছেন স্মার্টফোন বাজার বিশেষজ্ঞরা।
আইফোনের পাশাপাশি এ বছরেই ১২.৯ ইঞ্চি পর্দার আইপ্যাড প্রো ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়তে পারে অ্যাপল। ম্যাকবুক এয়ারের পরিবর্তে এ ট্যাবলেট বাজারে আসতে পারে বলেও জানা গেছে। বিশেষ করে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের উপযোগী করে এ ট্যাবলেটটি তৈরি করা হচ্ছে।
২০১৪ সালে আর যেসব পণ্য আনতে পারে অ্যাপল, তার তালিকায় স্মার্টওয়াচও রয়েছে বলে জানা গেছে।
তবে যথারীতি আগের মতোই এসব পণ্যের ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি অ্যাপল।
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম