এবার দেশের বাইরে হবে ই-বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দেশের বাইরে ই-বাণিজ্য মেলা করবে মাসিক কমপিউটার জগত্। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় (আইসিটি), যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আগামী জুলাই মাসে এ মেলা অনুষ্ঠিত হবে। সম্প্রতি মেলার আয়োজক আইসিটি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় আইসিটি সচিব নজরুল ইসলাম খান জানান, ই-বাণিজ্যে বাংলাদেশের যাত্রা অনেক আগে হলেও অগ্রগতি খুবই কম। এর মূল কারণ হলো ই-বাণিজ্য বা ই-কমার্স সম্পর্কে সচেতনতার অভাব। আর এই সচেতনতা সৃষ্টি করতেই ই-বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম, কম্পিউটার জগত্-এর কারিগরি সম্পাদক আবদুল ওয়াহেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের  নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেনসহ অনেকে।

সভায় জানানো হয়, যুক্তরাজ্যে ই-বাণিজ্যের বিশাল বাজার রয়েছে। তবে সেখানকার প্রবাসী বাঙালিরা কীভাবে সেখানেই বসে প্রিয়জনদের নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে উপহারসামগ্রী পাঠাতে পারেন, সে বিষয়ে অনেকেই জানেন না। বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে চালু হওয়ার এই খাতকে অনেক দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে।

—বিজ্ঞপ্তি

অ্যান্টিভাইরাস কিনে পুরস্কার

‘অ্যাভিরা কিনে পুরস্কার জিতুন’—এই ঘোষণার আওতায় চলতি সপ্তাহে স্যামসাং ডিজিটাল ক্যামেরা জিতেছেন ঢাকার মিরপুরের মো. শামস রেজা। প্রতিযোগিতায় এক্সট্রিম ২:১ স্পিকার জিতেছেন এলিফ্যান্ট রোডের টিটু ও টুইনমসের ৩২ গিগাবাইট পেনড্রাইভ জিতেছেন রাজশাহীর মো. আহসান হাবিব। সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ। ৩১ মে পর্যন্ত যাঁরা অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার কিনবেন, তাঁরা সবাই এই অফারের সুযোগ নিতে পারবেন।

—বিজ্ঞপ্তি