এবার দেশের বাইরে হবে ই-বাণিজ্য মেলা
এবার দেশের বাইরে ই-বাণিজ্য মেলা করবে মাসিক কমপিউটার জগৎ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় (আইসিটি), যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আগামী জুলাই মাসে এ মেলা অনুষ্ঠিত হবে। সম্প্রতি মেলার আয়োজক আইসিটি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় আইসিটি সচিব নজরুল ইসলাম খান জানান, ই-বাণিজ্যে বাংলাদেশের যাত্রা অনেক আগে হলেও অগ্রগতি খুবই কম। এর মূল কারণ হলো ই-বাণিজ্য বা ই-কমার্স সম্পর্কে সচেতনতার অভাব। আর এই সচেতনতা সৃষ্টি করতেই ই-বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ, যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম, কম্পিউটার জগৎ-এর কারিগরি সম্পাদক আবদুল ওয়াহেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেনসহ অনেকে।সভায় জানানো হয়, যুক্তরাজ্যে ই-বাণিজ্যের বিশাল বাজার রয়েছে। তবে সেখানকার প্রবাসী বাঙালিরা কীভাবে সেখানেই বসে প্রিয়জনদের নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে উপহারসামগ্রী পাঠাতে পারেন, সে বিষয়ে অনেকেই জানেন না। বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে চালু হওয়ার এই খাতকে অনেক দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে। —বিজ্ঞপ্তি