এবার দেয়াল থেকে বিদ্যুৎ!
এমন দিন হয়তো বেশি দূরে নয়, যখন বিভিন্ন যন্ত্রপাতিতে বিদ্যুৎ সংযোগের জন্য প্লাগ বা বাইরে থেকে লাগানোর অন্য কোনো উৎসের ওপর নির্ভর করতে হবে না৷ আমাদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রে ব্যবহার্য বিদ্যুৎশক্তি সঞ্চয়ের ব্যবস্থা চালু হওয়ায় সংযোগবিহীন বিদ্যুতের চাহিদা ও সম্ভাবনা—উভয়ই বাড়ছে৷
গবেষকেরা বলছেন, ল্যাপটপের বাইরের আবরণ বা ক্যাসিংই প্রয়োজনীয় বিদ্যুতের আধার বা ব্যাটারির কাজ করতে পারে৷ আর কোনো বাড়ির একটি শুকনো দেয়ালই সংরক্ষণ করতে পারবে প্রয়োজনীয় বিদ্যুৎ, যা ব্যবহার করে বাড়িটির বিভিন্ন বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি সচল থাকবে৷ যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ক্যারি পিন্ট ও তাঁর ছাত্র অ্যান্ড্রু ওয়েস্টওভার তৈরি করেছেন চ্যাপ্টা আকৃতির সরু ও শক্তিশালী ব্যাটারিযুক্ত যন্ত্র৷ দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সরবরাহের জন্য এটি অন্যান্য যন্ত্রে যুক্ত করার সুযোগ রয়েছে৷
পিন্ট ও ওয়েস্টওভারের তৈরি যন্ত্রটি একটি সুপারক্যাপাসিটর হিসেবে কাজ করে৷ এটি ব্যাটারি বা শুষ্ক তড়িৎকোষের মতো রাসায়নিক বিক্রিয়ানির্ভর পদ্ধতির পরিবর্তে একটি সচ্ছিদ্র উপাদানের পৃষ্ঠতলে বৈদ্যুতিকভাবে চার্জ দেওয়া আয়ন জড়ো করার মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণ করে৷ ফলে সুপারক্যাপাসিটরটি কয়েক মিনিটেই বিদ্যুৎ চার্জ করতে পারে এবং সেই চার্জ খরচও করে ফেলতে পারে অল্প সময়ে৷ সাধারণ ব্যাটারির ক্ষেত্রে এসব কাজে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগে৷ নতুন কাঠামোর সুপারক্যাপাসিটরটি চাপের মুখেও নির্ভুলভাবে বিদ্যুৎ চার্জ ও খরচ করতে পারে ৷ সূত্র: পিটিআই৷