এবার নকিয়া ও মাইক্রোসফট একসঙ্গে!
মোবাইল ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া ও শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ব্যবসায়িক অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। নকিয়া মূলত তার হারানো বাজার পুনরুদ্ধারে মাইক্রোসফট করপোরেশনে যোগ দিয়েছে। গত শুক্রবার এ ব্যাপারে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। নকিয়া জানায়, মাইক্রোসফটের সঙ্গে চুক্তির অংশ হিসেবে নকিয়া তার সব স্মার্টফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। এর অর্থ হচ্ছে নকিয়ার বিদ্যমান সিমবিয়ান অপারেটিং সিস্টেম আপাতত ব্যবহার করা হবে না। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত নকিয়ার ফোন কবে নাগাদ বাজারে আসবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। মাইক্রোসফটের অংশীদার হওয়ার পর নকিয়ার প্রধান স্টিফেন ইলোপ বলেন, ‘আমরা দুটি প্রতিষ্ঠান মিলে ভালো কিছু করতে পারব বলে আশা করছি।’ অ্যাপলের আইফোন ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিপুল জনপ্রিয়তার কারণে নকিয়ার পণ্য মার খাচ্ছে। এতে প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ কারণে নকিয়া থেকে ইতিমধ্যে বহু কর্মী ছাঁটাই হয়েছে।পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইডিসির তথ্যমতে, ২০১০ সালে নকিয়ার স্মার্টফোনের বাজার ৩৮ থেকে ২৮ শতাংশ পড়ে যায়। গত সপ্তাহে নকিয়ার প্রধান স্টিফেন ইলোপ তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে একটি খোলা চিঠি পাঠান। এতে বলা হয়, নকিয়া এখন গভীর সংকটে রয়েছে। সংকট উত্তরণে তিনি সবার সহযোগিতা চান। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান