এবার পরিবর্তন ইয়াহুর চেয়ারম্যান পদে

ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার ইয়াহুকে ঢেলে সাজাতে নানা কৌশল নিচ্ছেন। একের পর এক পরিবর্তন আনছেন ইয়াহুতে। ওয়েবসাইট ঢেলে সাজানোর পর লোগোতেও পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তিনি। এবার সে ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদেও পরিবর্তন এল। সিলিকন ভ্যালির প্রযুক্তি-উদ্যোক্তা মেরান্ড ওয়েবকে ইয়াহুর চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে ইয়াহুর পরিচালনা পরিষদ। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়াহুর চেয়ারম্যান পদে মেরান্ড ওয়েব যোগ দেওয়ায় পদ ছেড়ে দিতে হচ্ছে বর্তমান চেয়ারম্যান ফ্রেড আমোরোসোকে। বিজ্ঞাপনের বাজারে ধুঁকতে থাকা ইয়াহুকে চাঙা করতেই চেয়ারম্যান পদে রদবদল করছে প্রতিষ্ঠানটি।
মেরান্ড ওয়েবের অবশ্য প্রযুক্তি ক্ষেত্রে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ। ২০১২ সাল থেকে তিনি ইয়াহুর পরিচালনা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। এর আগে তিনি অনলাইন রিটেইলার ইবের প্রধান পরিচালনাকারী কর্মকর্তা হিসেবেও কাজ করেছিলেন।
ইয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, ২০১২ সালে ইয়াহুতে যোগ দেওয়ার পর থেকে মেরান্ডের নেতৃত্ব ও দিকনির্দেশনা ইয়াহুর জন্য অমূল্য বলে বিবেচনা করা হচ্ছে।’
প্রসঙ্গত, মারিসা মেয়ার ইয়াহুতে যোগ দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে নানা পদক্ষেপ নিয়েছেন। ইয়াহুর সেবাগুলোতে পরিবর্তন, বোর্ড কর্মকর্তাদের রদবদলসহ ইয়াহুকে লাভের ধারায় ফেরাতে তাঁর গৃহীত পদক্ষেপ সফল বলেও বিশ্লেষকেরা মত দিয়েছেন।