এবার ফেসবুকে হ্যাশট্যাগ

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের জনপ্রিয় ‘হ্যাশট্যাগ’ (#) এবার যুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে। ইতিমধ্যে হ্যাশট্যাগের ব্যবহারও শুরু হয়েছে বলে জানা গেছে।শুরুতেই ফেসবুক নিউজরুমের একটি পাতায় ‘পাবলিক কনভারসেশন অন ফেসবুক’ শিরোনামে হ্যাশট্যাগ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মূলত হ্যাশট্যাগটি ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট আলোচনা এবং সে-সংক্রান্ত তথ্যগুলো একসঙ্গে পাওয়া যায়। ফেসবুকে হ্যাশট্যাগ যুক্ত হওয়ার ফলে হ্যাশট্যাগযুক্ত শব্দে ক্লিক করেই নতুন একটি বক্সে পাওয়া যাবে এ-সংক্রান্ত পোস্ট। ইতিমধ্যে টুইটারে বেশ জনপ্রিয়তা পাওয়া হ্যাশট্যাগ গুগল প্লাস, পিন্টারেস্ট, লিঙ্কড-ইন, টাম্বলার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সেবায় ব্যবহূত হচ্ছে।মূলত ফেসবুকের বিভিন্ন বিষয় যাতে হ্যাশট্যাগের মাধ্যমে সহজেই ব্যবহারকারীরা খুঁজে পান, সে বিষয়টি মাথায় রেখেই ফেসবুকের এমন উদ্যোগ। পাশাপাশি মোবাইলেও যাতে সহজে ভার্চুয়াল দুনিয়ার জনপ্রিয় এ প্রতীক ব্যবহার করা যায়, সে বিষয় নিয়ে কাজ করছে ফেসবুক।ফেসবুকের এমন উদ্যোগকে ব্যবহারকারীদের আরও কাছে থাকার একটি অন্যতম বিষয় মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে টুইটারের আদলে নির্দিষ্ট এবং বিখ্যাত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করার উদ্যোগওনিয়েছে ফেসবুক। অন্য প্রতিদ্বন্দ্বীদের মতোই বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ বাড়াতে এ ধরনের সুবিধাগুলো যুক্ত করছে ফেসবুক—এমনই ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের।