অনলাইনে স্পটিফাই, অ্যাপলের সংগীতসেবার পাশাপাশি এবার একই রকমের সেবা দেওয়ার জন্য মাঠে নামছে ফেসবুক। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ফেসবুক সংগীতসেবা দেবে বলে জানা গেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের এ শীর্ষ ওয়েবসাইটটি ভিডিও স্ট্রিমিং প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছে। এবার অডিও স্ট্রিমিং চালুর ব্যাপারে কাজ করছে বলে খবর প্রকাশিত হয়েছে। শুরুতে বিনা মূল্যে গান শোনার এ সেবাটি দেওয়া হবে। পরে হয়তো অর্থের বিনিময়ে নিতে হবে সেবাটি।
সেবাটি নিয়ে নানা ধরনের গবেষণা করছে ফেসবুক কর্তৃপক্ষ। চালুর আগে ব্যবহারকারীদের পছন্দের বিষয়গুলো এ গবেষণায় থাকছে। এতে করে ব্যবহারকারীদের পছন্দসই গানের অনুরোধ কিংবা এ-সংক্রান্ত পরামর্শ পাবেন ব্যবহারকারীরা। তবে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও শুরু হয়েছে। এর আগে খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটার ২০১৩ সালে একই ধরনের সেবা চালু করেছিল। যদিও সেটি মুখ থুবড়ে পড়ে। তবে ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে আশাবাদী।
এদিকে নিজের গ্রুপের বন্ধু আইকনে পরিবর্তন এনেছে ফেসবুক। আগে তিনটি বন্ধু আইকনের মধ্যে সামনে ছিল একটি ছেলের আইকন এবং পেছনে ছিল একটি ছেলে এবং একটি মেয়ের আইকন। এবার এতে পরিবর্তন এনে সামনে মেয়ের আইকন এবং পেছনে দুটি ছেলের আইকন করা হয়েছে।
দ্য টেলিগ্রাফ