এবার ফ্যাবলেট আনছে নকিয়া!

৪১ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দেওয়ার পর এবারে ফ্যাবলেটের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিগগির যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ফ্যাবলেটের ঘোষণা দেবে নকিয়া। এক প্রতিবেদনে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। সম্প্রতি লাল রংয়ের ব্যাকগ্রাউন্ডে নকিয়ার লোগোর ছবি প্রকাশ করেছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এটি নকিয়ার তৈরি বড় স্ক্রিনযুক্ত কোনো স্মার্টফোন হতে পারে। নকিয়া কনভারসেশনস ব্লগে নকিয়ার নতুন পণ্য সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে। নকিয়া চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফ্যাবলেট তৈরি করছে বলেই অনেকে ধারণা করছেন। তুলনামূলকভাবে ডিসপ্লের মাপ ছোটো হলেও নকিয়ার এ পণ্যটিতে ট্যাবলেট ও স্মার্টফোনের দুই রকম ফিচারই উপভোগ করা যাবে। সাধারণত পাঁচ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে থেকে সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত পণ্যের শ্রেণীকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এতে ট্যাবলেট ও স্মার্টফোনের দুই রকম সুবিধা থাকে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, চার দশমিক সাত ইঞ্চির ফ্যাবলেট বাজারে তুলনামূলকভাবে স্যামসাংয়ের গ্যালাক্সি মেগা বা সনির এক্সপেরিয়া জেডের চেয়ে ছোট। নকিয়ার নতুন ফ্যাবলেটে এক দশমিক দুই গিগাহার্টজের প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও উন্নত ব্যাটারি সুবিধা থাকবে। অবশ্য নকিয়ার এ ফ্যাবলেটের দাম সম্পর্কিত কোনো তথ্য এখনো কোথাও প্রকাশিত হয়নি।