‘আমার সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। আত্মবিশ্বাস বেড়ে গেছে বহু গুণ। আমি এখন বিশ্বজয়ের স্বপ্ন দেখি।’ কথাগুলো চট্টগ্রামে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আই-জিনিয়াস মো. তানভীর রহমানের। সে চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ভবিষ্যতে সফটওয়্যার প্রকৌশলী হতে চায় তানভীর।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চবিদ্যালয় এবং পাবনার ঈশ্বরদী এস এম স্কুল অ্যান্ড কলেজে ইন্টারনেট উৎসব হয়।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। গতকাল সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নির্বাচিত আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। উৎসবের প্রতিটি কেন্দ্রেই ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: উৎসবের উদ্বোধন এবং শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন। তিনি বলেন, ‘সব ধরনের জ্ঞানের আধার হলো ইন্টারনেট। ইন্টারনেটে বিচরণ না করলে বৈশ্বিক জ্ঞানের বিপ্লব থেকে বঞ্চিত হতে হবে।’ আরও বক্তব্য দেন গ্রামীণফোন চট্টগ্রাম অঞ্চলের প্রধান আরিফুজ্জামান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন প্রমুখ।বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, নানাভাবে প্রযুক্তিকে ব্যবহার করে বর্তমান প্রজন্ম অনেক দূর এগিয়ে যাবে। প্রথম আলোর বিভিন্ন আয়োজন ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের উজ্জীবিত করবে।’ আরিফুজ্জামান বলেন, ‘ইন্টারনেটের ভালো দিকগুলো নতুন প্রজন্মের কাছে নিয়ে আসা আমাদের দায়িত্ব। ইন্টারনেট উৎসবের মধ্য দিয়ে তাদের চিন্তার জগৎ প্রসারিত হবে।’ প্রতিযোগিতায় চট্টগ্রাম নগরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, পূর্ব মাদারবাড়ী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম গ্রামার স্কুল এবং সিডিএ পাবলিক স্কুল ও কলেজ। প্রতিযোগিতা শেষে সেরা আই-জিনিয়াস নির্বাচিত হয় ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর। ময়মনসিংহ: উৎসবের উদ্বোধন ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. ইকবাল। তিনি স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের কৌশল শেখানো ও অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়ায় প্রথম আলো ও গ্রামীণফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আরও বক্তব্য দেন, গ্রামীণফোনের ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক হাসান আহমেদ তৌফিক এবং প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নাহিদ মণ্ডল।উৎসবে যোগ দেয় ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভ. ল্যাবরেটরি স্কুল, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল স্কুল, আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, মুসলিম গার্লস স্কুল ও কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, সৈয়দ নজরুল ইসলাম কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসহ মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় আনন্দ মোহন সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মোবাশশির আহমেদ।গাইবান্ধা: অনুষ্ঠান উদ্বোধন ও শপথবাক্য পাঠ করান আসাদুজ্জামান গার্লস স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বেগম হাসনা বানু। তিনি বলেন, ‘ইন্টারনেটের ভালো দিকটি নিতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগেও অনেক শিক্ষার্থী ইন্টারনেটের ব্যবহার জানে না। তাই এই উৎসবকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।’ আরও বক্তব্য দেন, গ্রামীণফোনের গাইবান্ধা অঞ্চলের ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার শাকিল আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বন্ধুসভার অনির্বাণ। উৎসবে জেলার ১০টি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: গাইবান্ধা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আহমঞ্চদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা আদর্শ কলেজ, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল ও কলেজ, ইসলামিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, আবু হোসেন সরকার মহিলা কলেজ ও আসাদুজ্জামান গার্লস স্কুল ও কলেজ। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় গাইবান্ধা আহমঞ্চদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আলী আহমেদ।মৌলভীবাজার: উৎসবের উদ্বোধন ও শপথবাক্য পাঠ করান কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন। তিনি বলেন, ‘এই বিশ্বায়নের যুগে ইন্টারনেট সম্পর্কে জানা থাকলে আমরা বিশ্বের দরবারে নিজেদের তুলে ধরতে পারব। সবার সঙ্গে সমতালে এগিয়ে যেতে পারব।’ বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান চৌধুরী, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্যপ্রদীপ ভট্টাচার্য, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আকবর কবীর মো. নিয়ামুল খোদা, প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলাউড়া বন্ধুসভার শহীদুল ইসলাম।উৎসবে কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়, মাহতাব-ছায়েরা উচ্চবিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়, পৌর বালিকা উচ্চবিদ্যালয়, ইয়াকুব-তাজুল বিশ্ববিদ্যালয় কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজ, লংলা আধুনিক মহাবিদ্যালয়, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ, এম আর ইন্টারন্যাশনাল স্কুল এবং ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। নবীন চন্দ্র উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মো. তানভীর রউফ আই-জিনিয়াস নির্বাচিত হয়।ঈশ্বরদী (পাবনা): উৎসবের উদ্বোধন ও শপথবাক্য পাঠ করান এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম। ঈশ্বরদী বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সাংসদ শামসুর রহমান, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক হাসান মাহমুদ, প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক প্রমুখ।উৎসবে ঈশ্বরদীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ঈশ্বরদী সরকারি কলেজ, এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়, ঈশ্বরদী উচ্চ বালিকা বিদ্যালয়, দাশুড়িয়া ডিগ্রি কলেজ, পাকশী পেপার মিলস উচ্চবিদ্যালয়, সাঁড়া ঝাউদিয়া উচ্চবিদ্যালয়, আবুল হোসেন উচ্চবিদ্যালয় ও পূর্বটেংরী বালিকা উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় ঈশ্বরদী এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র অর্ণব।কাল উৎসব ছয় জায়গায়: আজ শুক্রবার কোথাও ইন্টারনেট উৎসব হবে না। কাল শনিবার সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর উচ্চবিদ্যালয়, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসব হবে।