এবার মাইক্রোসফট আনছে সারফেস মিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারফেস মিনি
সারফেস মিনি

সাড়ে সাত ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত সারফেস ট্যাবলেটের একটি সংস্করণ বাজারে আনতে পারে মাইক্রোসফট। আগামী বছরের শুরুতেই এ ট্যাবলেটের ঘোষণা দিতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। ইয়াহু নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ ‘সারফেস ট্যাব ২’ ও ‘সারফেস প্রো ২’ নামের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।

এ প্রসঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, সারফেসের নতুন সংস্করণে প্রসেসর হয়েছে দ্রুতগতির এবং ব্যাটারি-লাইফ বেড়েছে। এ ছাড়া অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ নির্ভর ট্যাব দুটিতে ক্যামেরাও উন্নত করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। উইন্ডোজ আরটি ট্যাবলেটের নতুন সংস্করণ ১০.৬ ইঞ্চি মাপের সারফেস-২তে যুক্ত হয়েছে এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর, সামনে ৩.৫ মেগাপিক্সেল ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর দাম পড়বে ৫৭৫ মার্কিন ডলার। ইনটেলের প্রসেসরনির্ভর সারফেস প্রো ২ ট্যাবটিতে আগের সংস্করণের চেয়ে ৬০ শতাংশ ব্যাটারি-লাইফ উন্নত করা হয়েছে বলে মাইক্রোসফট দাবি করেছে। ৬৪ গিগাবাইট মডেলের সারফেস প্রো ২-এর দাম হবে এক হাজার ১৫০ মার্কিন ডলার।

এদিকে বাজারবিশ্লেষকেরা বলছেন, ছোট আকারের ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়তে থাকায় মাইক্রোসফট এরই মধ্যে সাত ইঞ্চি মাপের ট্যাবলেট নিয়ে পরীক্ষা করছে।
গবেষণা ও তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান আইএইচএস আইসাপ্লাই ও এনপিডি ডিসপ্লে সার্চের গবেষকেরা দাবি করেছেন, সারফেস ২-এর দুটি সংস্করণের পর ভিন্ন মাপের আরেকটি ট্যাবলেট দ্রুত বাজারে আনবে মাইক্রোসফট। থ্রিজি ও ফোরজি সুবিধার সাত ইঞ্চি মাপের এ ট্যাবলেটে এআরএম প্রসেসর থাকবে।
আইপ্যাড মিনি, আমাজানের কিন্ডল ও গুগল নেক্সাস ট্যাবের সঙ্গে প্রতিযোগিতার জন্য ছোট আকারের উইন্ডোজ ট্যাব বাজারে আনার প্রস্তুতি সম্পন্ন করেছে মাইক্রোসফট।