এবার মাইক্রোসফটের ব্রাউজারে গুগলের নজরদারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের প্রাইভেসি সেটিংসকে ফাঁকি দিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করছে গুগল। সম্প্রতি মাইক্রোসফট এ অভিযোগ করেছে। ইন্টারনেট এক্সপ্লোরারের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডিন হ্যাচমোভিচের এক ব্লগ পোস্টের বরাতে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ এ তথ্য দিয়েছে। এর আগে অ্যাপলও অভিযোগ করেছিল যে তাদের সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস এড়িয়ে ব্যবহারকারীদের ওপরে গোপনে নজরদারি করছে গুগল। ডিন হ্যাচমোভিচ জানিয়েছেন, ইন্টারনেট এক্সপ্লোরার দল যখন গুগলের সাফারি ট্র্যাকিংয়ের ঘটনা শুনেছে তখনই ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার পরীক্ষা করে দেখেছে যে অ্যাপলের মতো মাইক্রোসফটের ক্ষেত্রেও একই ধরনের চাতুরী খাটানো হচ্ছে।গুগল কর্তৃপক্ষ অবশ্য মাইক্রোসফটের এ অভিযোগের জবাবে জানিয়েছে, মাইক্রোসফট সেকেলে ধাঁচের ব্রাউজার ব্যবহার করছে, তাই এর প্রাইভেসি সেটিংস এড়িয়ে যাওয়া খুবই সহজ। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার ৯ ব্যবহার করলে ট্র্যাকিং করার সুযোগ পাবে না গুগল। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথান মেয়ার গুগলের গোপন নজরদারির তথ্য ফাঁস করেছিলেন। গবেষক মেয়ার জানিয়েছিলেন, গুগলের অনেক ওয়েবসাইটে ছোট সফটওয়্যার লুকিয়ে রাখা হয়, যা সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস অপশন এড়িয়ে যেতে এবং ব্রাউজার ব্যবহারকারীর কার্যক্রম ট্র্যাক করে রাখতে পারে। সাফারি ব্রাউজার সাধারণত কুকি ডাউনলোড ব্লক করে রাখে। কুকি হচ্ছে ছোট আকারের টেক্সট ফাইল, যা অনলাইনের ব্রাউজিং তথ্য সংরক্ষণ করে রাখে। সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস তৃতীয় পক্ষের ওয়েবসাইট হিসেবে বিবেচনা করে গুগলকেও আটকে দেয়। এ কারণেই গুগল তাদের সফটওয়্যার ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহ করে রাখে এবং পছন্দ অনুসারে বিজ্ঞাপন দেয়।